ভারতীয় নির্বাচকদের সিদ্ধান্তে ক্ষুব্ধ ভন
আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের ভারত সফর। মূল প্রতিযোগিতার আগে অনুষ্ঠেয় তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভারতের ‘এ’ দলে কোনো স্পিনার না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় নির্বাচকেরা। ভারতের উইকেট পরিস্থিতি সফরকারীদের কাছ থেকে আড়াল করার জন্যই এমনটা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাইকেল ভন। ভারতের এই সিদ্ধান্তটা ক্রিকেটের জন্য মোটেই ভালো ফল বয়ে আনবে না এবং ভবিষ্যতে অন্য দেশগুলোও এই উদাহরণ অনুসরণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে মাইকেল ভন লিখেছেন, ‘প্রস্তুতি ম্যাচের জন্য “এ” দলে কোনো স্পিনার না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের নির্বাচকেরা। খেলাটা কি এই পর্যায়ে চলে এসেছে? খুবই হতাশাজনক কৌশল।’ সন্দ্বীপ পাতিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। ঘরের মাঠের ফায়দা তোলার কায়দাটাকে ভারত অন্য পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয় এটি ক্রিকেটীয় মনোভাবের সঙ্গে খাপ খায় না। ভারতের এই কৌশল ক্রিকেটের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ঘরের মাঠের সুবিধা নেওয়ার ব্যাপারটাকে তারা নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখন অন্যান্য দেশগুলোও এটা অনুসরণ করতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের পছন্দমতো উইকেট বানিয়ে বাড়তি ফায়দা তোলার কথা নিশ্চিতভাবেই চিন্তা করছে ভারত। আর সেই উইকেটের চেহারা কেমন হতে পারে, সেই অনুমানটাও প্রতিপক্ষকে খুব সহজে করতে দিতে চায় না ধোনি-বাহিনী।’আগামী ১৫ নভেম্বর থেকে ভারত সফরে চারটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর আগে ৩০ অক্টোবর থেকে সফরকারীদের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারতের ‘এ’ দল।— ইএসপিএন