ভারতীয় হকিতে আবার কেলেঙ্কারি!
ভারতের জাতীয় মহিলা হকি দলের কোচের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন দলের খেলোয়াড়েরা। দলের একজন নারী খেলোয়াড় নাম প্রকাশ না করে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় বরাবর পাঠানো এক চিঠিতে দলের কোচ মহারাজ কিষাণ কৌশিকের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।চিঠিটি গত ১১ জুন পাঠানো হলেও এটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয় গতকাল মঙ্গলবার। চিঠিতে সেই নারী খেলোয়াড় অভিযোগ করেন, ‘সাবেক অলিম্পিয়ান ও ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ মহারাজ কিষাণ কৌশিক প্রায়ই নারী খেলোয়াড়দের কুপ্রস্তাব দেন। তিনি “গুরুত্বপূর্ণ আলোচনার” নামে খেলোয়াড়দের তাঁর কক্ষে ডেকে নানা ধরনের অশ্লীল কথাবার্তা বলেন।’ অভিযোগকারী আরও বলেন, ভারতীয় নারী হকি দলের অধিকাংশ খেলোয়াড়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলতে এসেছে। এরা প্রায় সবাই গরিব এবং হকিই তাদের রুটি-রুজির একমাত্র অবলম্বন। সে কারণে যৌন নিগ্রহের শিকার হয়েও সেসব গরিব নারী হকি খেলোয়াড় কোচের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করতে সাহস পান না। ক্রীড়া মন্ত্রণালয় বরাবর পাঠানো এ চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই কোচ বছর দুয়েক আগেও দলের একজন নারী কোচিং সহকারীর সঙ্গে অশোভন সম্পর্ক গড়ে তুলেছিলেন। যা প্রশিক্ষণ শিবিরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।যৌন নিগ্রহের অভিযোগ ছাড়াও কোচ কিষাণ কৌশিকের বিরুদ্ধে আরও কয়েকটি নির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করা হয়েছে সেই চিঠিতে। সেখানে বলা হয়েছে, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া দলে দুজন ভিডিও অ্যানালিস্ট নিয়োগ করলেও তাঁরা কাজকর্মের কিছুই জানেন না। কোচের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এই দুজন ভিডিও অ্যানালিস্ট কাজ না জানলেও কোচ ঘুষের বিনিময়ে এই দুই অযোগ্য অ্যানালিস্টকে বারবার বিদেশ সফরে নিয়ে যান। বিদেশে গিয়ে এই দুই ভিডিও বিশেষজ্ঞ কোচকে মদ সরবরাহ করেন ও কেনাকাটার টাকার জোগান দেন। পুরো হকি দল কোচের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কাছে জিম্মি হয়ে আছে বলে চিঠিতে জানান হয়।এদিকে কোচ কিষাণ কৌশিক তাঁর বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি জানি না কে বা কারা এ চিঠিটি লিখেছে। তবে চিঠি যারাই লিখুক আমি চাই ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।’ তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি এর প্রতিকার চাই।’নারী হকি দলের কোচের বিরুদ্ধে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় একটি পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।