প্রায় এক বছর ধরে অপেক্ষায় ছিল ভারত। গত বছর ইংল্যান্ডের কাছে ৪-০ ধবলধোলাইয়ের শোধ তুলবে নিজেদের ডেরায়। বাউন্সি বা সিমিং উইকেটের জবাব দেবে স্পিনের ফাঁদ। আহমেদাবাদে প্রথম টেস্টটা ৯ উইকেটে জিতলেও মহেন্দ্র সিং ধোনি খুব একটা খুশি ছিলেন না, কেননা মোতেরার উইকেট একেবারেই স্পিন-বান্ধব ছিল না। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটসম্যানরা চোখ তুলে তাকিয়েছিলেন! অধিনায়কের ফরমায়েশ অনুযায়ী তাই মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বানানো হলো স্পিনের খোঁয়াড়, যেখানে প্রথম দিনেই মান্টি পানেসার ও গ্রায়েম সোয়ান নাচিয়ে ছাড়লেন শেবাগ-টেন্ডুলকারদের। কিন্তু হায়, ওই ওয়াংখেড়েতেই টেস্টের চতুর্থ দিনের সকালে ১০ উইকেটে হারল ভারত! চার টেস্টের সিরিজ ফিরল সমতায় (১-১)। ভারতীয় অস্ত্রে ভারতকে বধ করে ইংল্যান্ড যতটা উল্লসিত, ঠিক ততটাই লজ্জায় অধোবদন ভারত। কারণ, স্পিনের বিপক্ষে বিশ্বখ্যাত ব্যাটসম্যানশিপ ব্যর্থ। এই প্রথম তিন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর কৌশলও কাজে লাগল না। প্রমাণ হলো যে হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝার চেয়ে মন্টি পানেসার ও গ্রায়েম সোয়ানের স্পিন অনেক বেশি ধারালো। যে উইকেটে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, বিরাট কোহলি, ধোনিরা হাবুডুবু খান, সেখানে অ্যালিস্টার কুক জোড়া সেঞ্চুরি করেন, কেভিন পিটারসেন খেলেন ১৮৬ রানের অসাধারণ আক্রমণাত্মক ইনিংস। আহমেদাবাদের হারের পর ইংল্যান্ডকে নিয়ে অনেক হাসি-ঠাট্টা হয়েছিল। কিন্তু কদিন পর মুম্বাইতে সেই অ্যালিস্টার কুকের দলই ঘুরে দাঁড়িয়ে ভারতকে প্রতিটি বিভাগেই হারাল প্রশ্নহীন দাপটে। ছয় বছর আগে ওয়াংখেড়েতেই ইংল্যান্ড হারিয়েছিল ভারতকে। এই জয় যেন সেটিরই অবিকল অনুলিপি। কাল চতুর্থ দিনের সকালে ইংল্যান্ডকে মাত্র ৫৭ রানের লক্ষ্য দিতে পারে ভারত। ইংল্যান্ড ৯.৪ ওভারে কুক-কম্পটনের অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতেই তা টপকে জানিয়ে দেয়, এখন ভারত থেকে তারা মাথা নিচু করে ফিরবে না। আগামী ৫ ডিসেম্বর কলকাতা ও ১৩ ডিসেম্বর শুরু নাগপুর টেস্ট দুটিও বিনা যুদ্ধে ছাড়বে না ইংল্যান্ড। পানেসারের বাঁহাতি স্পিনে ঘায়েল হয়ে তৃতীয় দিন পার করেছিল ভারত ৭ উইকেটে ১১৭ রান নিয়ে। লিড ছিল মাত্র ৩১ রানের। কাল শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে গৌতম গম্ভীর (৬৫) লিডটাকে নিতে পারেন ৫৬ রানে। পানেসার ৬ উইকেট নেন, সোয়ান ৪—ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ১৪২ রানে। আগের দিন কুক-পিটারসেনের ব্যাটিংয়েই ইংল্যান্ড দেখেছিল জয়ের রাস্তা। হরভজন-অশ্বিন-ওঝার স্পিনকে কচুকাটা করে তাঁরা তৃতীয় উইকেটে যোগ করেন ২০৬ রান। কেভিন পিটারসেন করে যান ১৮৬ রান। ম্যাচের ভাগ্য নির্ধারক ৮৬ রানের লিড পায় ইংল্যান্ড। তাই ম্যাচে ১১ (৫+৬) উইকেট নিয়েও ম্যান অব দ্য ম্যাচ পানেসার নন, পিটারসেন। সূত্র: ওয়েবসাইট, টিভি।