ভারতীয় এক সাংবাদিকের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনের প্রেসবক্সে বসে বাংলাদেশের বীরত্ব দেখেছেন। ২০১১ বিশ্বকাপে আরেকটি বাংলাদেশ-ভারত ম্যাচের আগে ভারতীয় সাংবাদিক গৌতম ভট্টাচার্যের সঙ্গে একান্ত সাক্ষাৎ কারের ভিত্তিতে এই লেখা—২০০৭ বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটে অভিশপ্ত এক টুর্নামেন্টের নাম। ভারতীয় ক্রিকেট সাংবাদিকদের কাছেও তা-ই। এই অভিশাপের সূচনা পোর্ট অব স্পেনের এক দুুপুর থেকে। মনে পড়ছে, ত্রিনিদাদে ওই ম্যাচের আগের দিন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক আমাকে বলেছিলেন, ‘বাংলাদেশ জাইগা উঠছে।’ প্রিভিউয়ে কথাটা রাখব কি রাখব না করে শেষ পর্যন্ত রাখিনি। কারণ, মনে হয়েছিল, লোকে হাসবে।২০০৭ বিশ্বকাপের মতো ২০১১ বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচই বাংলাদেশের বিপক্ষে। যাঁরা বলছেন ২০১১ বিশ্বকাপের ভারত অন্য ভারত, তাঁদের মনে করিয়ে দিই, ২০০৭ বিশ্বকাপেও ভারত অন্য ভারতই ছিল। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্র্যাকটিস ম্যাচে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল। এর আগে দেশে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। ভারত বিশ্বকাপ খেলতে মুম্বাই ছাড়ার সময়কার দৃশ্যগুলো এখনো চোখে ভাসে। রাত সাড়ে ১২টায় তাজমহল হোটেল থেকে টিম বাস বেরোচ্ছে। বাইরে জনতা ‘জিতেঙ্গে, জিতেঙ্গে’ বলে চিৎ কার করছে। পুরো আবহটা এমন ছিল যে, ভারত নিশ্চিত বিশ্বকাপ জিতে ফিরবে। এই সাংবাদিকের মনে ওই উন্মাদনার দৃশ্য যদি একটা ফ্রেম হয়ে থাকে, এর পুরো বিপরীত ফ্রেমটায় ধরা আছে ত্রিনিদাদের ওই অভিশপ্ত দুপুর।আরেকটি বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে ২০০৭ বিশ্বকাপের দিকে ফিরে তাকালে পরপর তিনটি ফ্রেম চোখের সামনে ভেসে ওঠে। প্রথম ফ্রেমে মুম্বাই থেকে জনতার হর্ষধ্বনির মধ্যে ভারতীয় দলের মহাসমারোহে বিশ্বকাপে যাত্রা। তৃতীয় ফ্রেমে বাংলাদেশ ম্যাচের পরদিন ত্রিনিদাদের হোটেল রুমে শচীন টেন্ডুলকার। ১০ নম্বর জার্সি গায়ে কড়িকাঠের দিকে তাকিয়ে আছেন। সামনের টেবিলে প্লেটে আধখাওয়া একটা স্যান্ডউইচ। ২৪ ঘণ্টায় ওটুকুই শুধু মুখে তুলেছেন। রুমে পরিচিত সাংবাদিককে ঢুকতে দেখে জিজ্ঞেস করলেন, ‘দেশ থেকে আর কোনো খবর এল?’ (পড়তে হবে, আর কোনো খারাপ খবর এল?)।দ্বিতীয় ফ্রেমটায় ধরা আছে মাঠে সবুজ জার্সি গায়ে ১১ বাঙালির ডানা ঝাপটানো। ফুটবলে কোচরা একটা কথা বলেন, শুরুতেই দৌড়ে মাঝমাঠের দখলটা নিয়ে নাও। বাংলাদেশও শুরুতেই ওই ম্যাচের মাঝমাঠটা দখলে নিয়ে নিয়েছিল। মনে আছে, আনন্দবাজার পত্রিকায় ম্যাচ রিপোর্টের শিরোনাম হয়েছিল: ‘১১ বাঙালির বিপক্ষে এক বাঙালির লড়াই বৃথা গেল।’ ওই ম্যাচে সৌরভ ৬৬ রান করে যা একটু লড়াই করেছিলেন।গ্রেগ চ্যাপেলের ড্রেসিংরুম টলিয়ে দেওয়ায় মূল ভূমিকা রেখেছিলেন মাশরাফি আর তামিম। আমি রাহুল দ্রাবিড় নই, তার পরও ক্রিকেট দুঃস্বপ্নে ফিরে আসে সবুজের ওই বিস্ফোরণ। ফিটনেস, দৌড় আর ফিল্ডিংয়ে ভারতকে অনেক পেছনে ফেলে দিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও ভারত পরের রাউন্ডে যেতে পারত। মাঝখানে বারমুডার বিপক্ষে তো ৪১৩ রান করে বিশ্বকাপের রেকর্ডও করেছিল। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে পারেনি ভারত। পেছন ফিরে এখন নিশ্চিতভাবে বলতে পারি, ভারতকে মানসিকভাবে লুট করে নিয়েছিল বাংলাদেশ। শুধু ভারতের বিশ্বকাপই নয়, বেশির ভাগ ভারতীয় ক্রিকেট সাংবাদিকের বিশ্বকাপও শেষ করে দিয়েছিল ওই ম্যাচ। টুর্নামেন্টের মাঝপথেই ফিরতে হয়েছিল দেশে।মিরপুরে ভারতের সবচেয়ে বেশি বড় আশা, ত্রিনিদাদের ওই ম্যাচেও ধোনি খেলেছিলেন। দ্রাবিড়ের ভুল তিনি করবেন না। অবচেতনেও আত্মতুষ্ট হবেন না। ভারতীয় সাংবাদিকেরা একটা দৃশ্যই দেখতে চান, মিরপুর থেকে জিতে বেরোচ্ছে ভারত। সবুজ জার্সির ডানা ঝাপটানোর যন্ত্রণাটা তাতেও হয়তো পুরোপুরি মুছবে না, তবে তীব্রতা তো একটু কমবে! গৌতম ভট্টাচার্য, কলকাতার আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সম্পাদক।