ভারতীয় ক্রিকেটের বদলে যাওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু বছর নয়, বদলে যাওয়ার জন্য একটি বছরই যথেষ্ট। কথাটি নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে। কিন্তু ভারতীয় দলের প্রকৃত উত্থানটা একবার মনে করে দেখুন। ১৯৮৩ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের বছরটিই দ্রুত এক ক্রিকেট পরাশক্তিতে পরিণত করে ভারতকে।ভারত প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেয় ১৯৭৪ সালে। দলটির টেস্ট অভিষেক অবশ্য অনেক আগে, ১৯৩২ সালের ২৫ জুনে। আর ভারত প্রথম বিশ্বকাপ ঘরে তোলে ১৯৮৩ সালে। কাকতালীয় হলেও টেস্টে ক্রিকেটে যাত্রা শুরুর একই তারিখ ও ভেন্যুতে! ২৫ জুন, লর্ডসে। ঠিক ৫১ বছর পর।পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ক্রিকেট খেলে বিশ্বকাপ জয়। এ আবার এমনকি! কিন্তু অবাক করার মতো যথেষ্ট রসদ এতে লুকিয়ে আছে। দীর্ঘদিন খেলার পরও ভারত ওয়ানডে ক্রিকেটকে মনে-প্রাণে নিতে চায়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এ খেলা সম্পর্কে খুব বেশি ধারণাও ছিল না ভারতীয় ক্রিকেটারদের।প্রমাণ চান? ভারতের প্রথম ওয়ানডে দলের অধিনায়ক অজিত ওয়াদেকারের কথাই ধরুন, ‘আমরা এ খেলাকে মোটেই গুরুত্ব দিয়ে দেখিনি। এ খেলার কৌশল, মাঠে ফিল্ডিং কীভাবে সাজাতে হয়, এসবের কোনো ধারণা ছিল না আমাদের।’ ১৯৭৪ সালে ভারতের প্রথম ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ রান করা ব্রিজেশ প্যাটেল বলেন, ‘আমি তখনই বলেছিলাম, এ খেলার একটা ভবিষ্যত্ আছে। কিন্তু আমার সতীর্থদের বিশ্বাস করত, খুব দ্রুতই কালের গর্ভে হারিয়ে যাবে ওয়ানডে ক্রিকেট।’ওয়ানডে ক্রিকেটের প্রতি অনীহা নিয়েই ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয় ভারত। ফল, প্রথম রাউন্ড থেকে বিদায়। আট দলের মধ্যে অবস্থান ষষ্ঠ। ১৯৭৯ সালের বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বিদায় হয় দলটির। সেবারের ফল অবশ্য আরও খারাপ। আট দলের মধ্যে সপ্তম!পরের বিশ্বকাপ ১৯৮৩ সালে। এটাই ভারতীয় ক্রিকেটের বদলে যাওয়ার বছর। ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয় কপিল দেবকে। নির্বাচকেরা দলে আনেন একঝাঁক অলরাউন্ডার। এই দল নিয়ে বিশ্বকাপের ঠিক আগ দিয়ে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে ভারত। পাকিস্তানের কাছে ৩-১-এ হারলেও দলের একটি অবয়ব দাঁড়িয়ে যায়।ভারত যখন তৃতীয় বিশ্বকাপ লড়াইয়ে নামে তখন দলটির অভিজ্ঞতা মাত্র ৪০টি ওয়ানডে খেলার। তা-ও প্রায় এক দশক ধরে খেলে। আগের দুটি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ায় কপিল দেবদের বুক দুরু দুরু। এবার যে কী হয়! তবে এ বিশ্বকাপে ভারতকে নতুন করে দেখেছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপের শিরোপা নিয়েই সেবার দেশে ফিরেছিল কপিল দেবের দল!এই বিশ্বকাপ অনেক কিছুরই পরিবর্তন এনেছিল ভারতে। ক্রিকেটেতে তো বটেই সামাজিক ও রাজনৈতিক জীবনেও বিশ্বকাপ জয় পরিবর্তন নিয়ে আসে ভারতীয়দের মধ্যে। একসময়ের হতাশাগ্রস্ত, আত্মগ্লানিতে ভুগতে থাকা ভারতের বিশাল মধ্যবিত্ত সমাজ নিজেদের নিয়ে নতুন করে ভাবা শুরু করে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পর। বিশ্বাস ফিরে আসে মধ্যবিত্তের। বিশ্ব প্রেক্ষাপটে ভারত যে একেবারে হেলাফেলার কোনো দেশ নয়, তা-ও বিশ্বাস করা শুরু করে ভারতীয় মধ্যবিত্তেরা। একদম নবীন একটি দলই ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় করে। অধিনায়ক কপিল দেবের বয়স ছিল মাত্র ২৪। যে বয়স মানুষকে গতানুগতিকতার বাইরে ভাবায়। নতুন কোনো আবিষ্কারের নেশা যে বয়সে মানুষকে দুর্দান্ত কিছু করতে উত্সাহ জোগায়। কপিল দেব ছিলেন ঠিক সেই বয়সেরই।১৯৮৩ সালের ভারতীয় দলের গড় বয়স ছিল মধ্য বিশে। মহিন্দর অমরনাথ, মদন লাল, দীলিপ ভেঙ্গসরকার, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, রজার বিনি, রবি শাস্ত্রী, বলবিন্দর সিং সান্ধু, সন্দ্বীপ পাতিল, কীর্তি আজাদ প্রমুখ ছিলেন ক্যারিয়ারের একেবারে সেরা সময়ে। সে সময়ের বিচারে এক নতুন ধরনের ক্রিকেটীয় ধরনও নিয়ে আসে ভারত। ভারতীয় দলে হোল্ডিং, লিলি, গার্নার, উইলিসদের মতো ‘খুনে’ ফাস্ট বোলার হয়তো ছিল না, কিন্তু মদন লাল, রজার বিনি, মহিন্দর অমরনাথদের মতো প্রতিপক্ষকে রান তুলতে না দেওয়ার বোলার ছিল। দলটির ব্যাটিং লাইনআপের দিকে তাকিয়ে দেখুন। সুনীল গাভাস্কারই ছিলেন সবচেয়ে বড় তারকা। সেই তালিকায় গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, গ্রেগ চ্যাপেল, ডেভিড গাওয়ার, মিয়াঁদাদদের মতো সমৃদ্ধ তারকা খ্যাতির ব্যাটসম্যান ছিল না। কিন্তু তাঁর পরেও দলটির শক্তি ছিল তাদের টিম স্পিরিট। যে স্পিরিট অসম্ভবকে সম্ভব করতে শক্তি যুগিয়েছিল ভারতীয়দের।১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি। টানব্রিজ ওয়েলসের নেভিল গ্রাউন্ডে অনুষ্ঠিত সেই ম্যাচটিই ভারতীয় ক্রিকেটের এক বড় টার্নিং পয়েন্ট । এই ম্যাচে ১৭ রানে পাঁচ উইকেট হারানোর পরে কপিল দেবের অনবদ্য ১৭৫ রান ভারতকে ম্যাচে ফেরায়। এ অসাধারণ ইনিংসটিকে পরিস্থিতির প্রেক্ষাপটে ‘ক্ল্যাসিক’ বললেও কম বলা হয়। এই ম্যাচটি জিতে ভারত উঠে যায় বিশ্বকাপের সেমি-ফাইনালে। একেবারে খাদের কিনারা থেকে ম্যাচ জিতে আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যায় ভারতীয়দের। হারার আগেই হেরে না যাওয়ার মানসিকতা তৈরি হয় এর মাধ্যমেই। ফাইনালে মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৩ রানে অল আউট হয়েও দাঁতে দাঁত কামড়ে লড়াই চালিয়ে যাওয়া ও শেষ অবধি ম্যাচটি জিতে নেওয়ার অনুপ্রেরণা এই ম্যাচই।১৯৮৩ সালের অর্জনের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি ভারতীয় দলকে। একসময়ের অনভিজ্ঞ, অজ্ঞ দলটিই এখন ক্রিকেটের অন্যতম পরাশক্তি।