তিন ভারতীয় ‘গ্রেট’ একসঙ্গে এই কি শেষবার? আর কি কোনো ম্যাচে একসঙ্গে খেলা হবে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং ভি ভি এস লক্ষ্মণের? পারফরম্যান্স যা বলছে, তাতে শেষের ডাক হয়তো সত্যিই এসে গেছে। অ্যাডিলেড টেস্টের পর দ্রাবিড় ও লক্ষ্মণ বিদায় জানিয়ে দিতে পারেন বলেও অনুমান করছেন অনেকে। অ্যাডিলেডে ভালো করে ফেললে ভিন্ন কথা, নইলে সমালোচনায় জর্জরিত হয়েই বিদায় নিতে হবে তাঁদের। এমন বিদায় কি তাঁদের প্রাপ্য? মাইকেল ক্লার্ক কিন্তু সাম্প্রতিক ব্যর্থতায় ভারতীয় ব্যাটিংয়ের তিন মহাতারকার বর্ণাঢ্য অতীত ভুলে যাচ্ছেন না। বরং অ্যাডিলেডে সিরিজের শেষ টেস্টের আগে তাঁদের প্রতি শ্রদ্ধাই জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘তিনজনই অসাধারণ ক্রিকেটার। বিশ্বের সব জায়গায় তাঁদের অনেক সম্মান করা হয়, বিশেষ করে আমাদের দেশে। তাঁদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। সম্প্রতি কিছু সমালোচনা তাঁদের সইতে হচ্ছে; কিন্তু এখনো তাঁরা ভালো ক্রিকেট খেলছেন। দলের স্বার্থে আমি চাইব শচীনের শততম সেঞ্চুরিটা এখানে না হোক, চাইব দ্রাবিড়-লক্ষ্মণ রান না পান। তবে আমি চাইব, তাঁদের মতো গ্রেট ক্রিকেটাররা যেন প্রাপ্য সম্মানটা পান।’কথা উঠেছে ক্লার্কের দলের ‘বুড়ো’কে নিয়েও। মাঝে একই রকম সমালোচনায় জর্জরিত হয়েছিলেন রিকি পন্টিংও, কিন্তু জবাব দিয়েছেন ব্যাট হাতেই। অ্যাডিলেড টেস্টের পর সম্মানজনক বিদায় নিতে পারেন পন্টিং, এমন গুঞ্জন সামান্য হলেও আছে। তবে ক্লার্ক এখনই শেষ দেখছেন না পন্টিংয়ের, ‘ও খুব ভালো ফর্মে আছে; এই সিরিজটা ওর ভালো কেটেছে। পান্টারকে আমি দীর্ঘদিন ধরে দেখছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, ও এখন ভালো ফর্মে আছে। টেস্ট ক্রিকেটে রিকির আরও অনেক দিন বাকি আছে।’বয়স ৩৩, এখনো ঠিক বুড়োদের দলে পড়েননি, হয়তো এ কারণেই বাজে ফর্মে থাকার পরও লক্ষ্মণ-দ্রাবিড়দের মতো অতটা সমালোচনা ঠিক হজম করতে হচ্ছে না বীরেন্দর শেবাগকে। মহেন্দ্র সিং ধোনি নিষিদ্ধ হওয়ায় অ্যাডিলেডে ভারতকে নেতৃত্বও দেবেন তিনি। সিরিজে নিজের ব্যর্থতার একটা কারণও খুঁজে পেয়েছেন শেবাগ, ‘অস্ট্রেলিয়ার পেসাররা দারুণ জায়গায় বোলিং করছে, বাউন্ডারির বল দিচ্ছেই না। আমার দেখা সেরা বোলিং আক্রমণ এটাই, বিশেষ করে অস্ট্রেলিয়ার। সাধারণত ফাস্ট বোলারদের বিপক্ষে আমি যখন ব্যাট করি, একটা-দুটো বাজে বল পাই। কিন্তু এই বোলিং আক্রমণের বিপক্ষে সেটা পাচ্ছিই না।’ টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ে ব্যাট করার সংজ্ঞা পাল্টে দিয়েছেন শেবাগ। তবে বিদেশের মাটিতে নতুন বলের বিপক্ষে টানা ব্যর্থতায় একটা চিন্তা মাথায় এসেছে তাঁর, নেমে যেতে পারেন মিডল অর্ডারে! তবে সেটা কখন, তা নির্ভর করছে ভারতের ওই গ্রেটদের সিদ্ধান্তের ওপর, ‘এই দলে নিচে নামার কথা অবশ্যই ভাবছি না; কারণ, আমাদের মিডল অর্ডার দারুণ। তাঁরা অবসর নেওয়ার পর আমি এ নিয়ে ভাবব। অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে এটা—দলের সমন্বয়, অধিনায়ক কে হবে, কে অবসর নিচ্ছে...।’ ওয়েবসাইট।