ভারতীয় টিভির ফাঁদে বাংলাদেশি আম্পায়ার
অর্থের বিনিময়ে ম্যাচ পাতানোয় আগ্রহ দেখিয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার নাদির শাহ। ভারতের টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টিভির দাবি এমনটাই।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছদ্মবেশী সাংবাদিকের মাধ্যমে শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশের ছয় আম্পায়ারকে ফাঁদে ফেলে ইন্ডিয়া টিভি। বাংলাদেশের নাদির শাহ ছাড়াও ‘অপারেশন ওয়ার্ল্ড কাপ’ নামের ওই অভিযানের ফাঁদে পড়েন পাকিস্তানের নাদিম ঘৌরি ও আনিস সিদ্দিকী এবং শ্রীলঙ্কার গামিনি দেশানায়েকে, মরিস উইনস্টন ও সাগারা গালাগে। ইন্ডিয়া টিভির ছদ্মবেশী সাংবাদিক যোগাযোগ করেছিলেন বাংলাদেশের আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গেও। কিন্তু অর্থের বিনিময়ে কোনো সুবিধা দিতে রাজি হননি তিনি।গোপনে ধারণ করা এসব ভিডিও ফুটেজ নিয়ে নির্মিত প্রতিবেদনটি কাল সন্ধ্যায় প্রচার করেছে ইন্ডিয়া টিভি। এ-সংক্রান্ত বিস্তারিত সংবাদ তারা প্রকাশ করেছে নিজেদের ওয়েবসাইটেও।ইন্ডিয়া টিভির দাবি, আন্তর্জাতিক, কাউন্টি বা লিগ—অর্থের বিনিময়ে যেকোনো ম্যাচ পাতাতেই সম্মতি জানান নাদির। তিনি নাকি বলেছেন, এসএলপিএলে এলবিডব্লু, রানআউট, ব্যাটের ভেতরের কানায় লাগা ক্যাচ আউটগুলোয় ‘সুবিধা’ দিতে পারবেন। বিপিএলে পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ অনেক ম্যাচ পাতিয়েছেন বলেও জানিয়েছেন নাদির। প্রমাণ পাওয়া গেলেও বিপিএল এবং বিসিবির মান বাঁচাতে সেসব চাপা দেওয়া হয়।নাদির শাহ বর্তমানে ভারতে থাকায় অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানা যায়নি। আর বোর্ডের সঙ্গে কথা না বলে কিছু বলতে রাজি হননি শরফুদ্দৌলা। বিষয়টা নিয়ে কালই কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও, ‘আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখব। বিস্তারিত না জেনে বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া সম্ভব নয়।’তবে বাংলাদেশি দুই আম্পায়ারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এসএলপিএলের আগে ক্রিকেট এজেন্ট পরিচয় দিয়ে মোবাইল এবং স্কাইপিতে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁদের সঙ্গে যোগাযোগ করে এসএলপিএলে আম্পায়ারিংয়ের প্রস্তাব দেন। দেওয়া হয় ম্যাচ পাতানোর প্রস্তাবও। স্কাইপির সেই ফুটেজই নাকি ব্যবহার করা হয়েছে ইন্ডিয়া টিভির সংবাদে।বিপিএলের দল ঢাকা গ্ল্যাডিয়েটরসের মিডিয়া ম্যানেজারও পা দিয়েছেন ছদ্মবেশী সাংবাদিকের ফাঁদে। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও গোপন ক্যামেরার সামনে পাকিস্তানের শহীদ আফ্রিদি, রানা নাভিদ ও আহমেদ শেহজাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু স্পর্শকাতর কথা বলেছেন তিনি। স্পর্শকাতর কথা বলেছেন বাংলাদেশের এক ব্যাটসম্যান সম্পর্কেও। তথ্যসূত্র: ইন্ডিয়া টিভির ওয়েবসাইট।