ভারতীয় টেলিভিশনের ওপর আইসিসির নিষেধাজ্ঞা প্রত্যাহার
বিশ্বকাপ ফাইনালের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে ভারতীয় টেলিভিশন নিউজ চ্যানেলগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা কয়েক ঘণ্টা পরই প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। সম্প্রচার নীতিমালা ভঙ্গের অভিযোগে আজ শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করেছিল ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি নিজেদের সিদ্ধান্তে অটল থাকলে মাঠে ঢুকতে পারতেন না ভারতীয় নিউজ টিভি চ্যানেলের সাংবাদিকেরা। আইসিসি এক তথ্যবিবরণীতে জানিয়েছে, দীর্ঘ বৈঠকের পরও সম্প্রচার নীতিমালা ভঙ্গ করা থেকে টেলিভিশন নিউজ চ্যানেলগুলোকে বিরত রাখার প্রতিশ্রুতি দিতে অনীহা প্রকাশ করে ভারতের তথ্য মন্ত্রণালয়, ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন ও ব্রডকাস্ট এডিটরস অ্যাসোসিয়েশন। তবে ভবিষ্যতে কেউ নীতিমালা ভঙ্গ করলে আইনি পদক্ষেপ নেবে আইসিসি।আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘বিষয়টি এই পর্যায়ে আসায় আমি হতাশ হয়েছি। যাই হোক, আমাদের বাণিজ্যিক স্বত্ব রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব আমরা।’ভারত-পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের আগেও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। কিন্তু পরে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আম্বিকা সোনির হস্তক্ষেপের পর টেলিভিশন চ্যানেলগুলোকে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ওয়েবসাইট।