ভারতীয় দলকে জরিমানা
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল শনিবার অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে স্লো-ওভার রেটের কারণে ভারতীয় দলকে জরিমানা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আজ রোববার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত ওভারের চেয়ে এক ওভার বল কম করেছে ভারতীয় দল। এ কারণে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের তাঁদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।স্লো-ওভার রেটের ক্ষেত্রে আইসিসির সর্বশেষ নীতিমালা অনুযায়ী, এক বছরের ব্যবধানে কোনো দল দুবার নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভার বল করতে ব্যর্থ হলে পরবর্তী এক ম্যাচ নিষিদ্ধ হবেন ওই দলের অধিনায়ক। একই সঙ্গে তাঁকে তাঁর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হবে। বাকি ক্রিকেটারদের প্রত্যেককে জরিমানা করা হবে দলের অধিনায়কের অর্ধেক। এর আগে নিয়ম ছিল, তিনবার ব্যর্থ হলে নিষিদ্ধ হতেন সংশ্লিষ্ট দলের অধিনায়ক।নতুন নিয়মের কবলে পড়ে গত ফেব্রুয়ারির মাঝামাঝি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ধোনি। নিষেধাজ্ঞা ছাড়াও ধোনিকে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ওই ম্যাচে তাঁর ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়। একই সঙ্গে ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের প্রত্যেককে তাঁদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। এর আগে গত বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভার বল করতে ব্যর্থ হয়েছিল ভারত।স্লো-ওভার রেটের কারণে নিষিদ্ধ হওয়ার অভিজ্ঞতা ধোনির আরও আছে। টেস্টে এক বছরের মধ্যে দুবার নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ওভার বল করতে ব্যর্থ হওয়ায় অ্যাডিলেড টেস্টে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। রয়টার্স।