ভারতীয় দলে পীযূষ, বিনয়
সাঁইত্রিশে দাঁড়িয়েও নিজেকে প্রতিদিনই নতুন করে চেনাচ্ছেন শচীন টেন্ডুলকার। চলমান আইপিএলেই যেমন ৫ ম্যাচে ৬২ গড়ে করেছেন এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৪৮ রান। ৩ ফিফটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্ট্রাইক রেট ১৫০.৩০। এমন ফর্মে থাকা ব্যাটসম্যানও থাকছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে যে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন লিটল মাস্টার! সবচেয়ে বড় চমক লেগ স্পিনার পীযূষ চাওলার ফেরা। একমাত্র নতুন মুখ রঙ্গনাথ বিনয় কুমার।দল ঘোষণার পর থেকে শুরু হয়ে গেছে বিতর্কও। অমিত মিশ্র ও প্রজ্ঞান ওঝাকে টপকে দ্বিতীয় স্পিনার হিসেবে চাওলার অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন উঠছে সবচেয়ে বেশি। চাওলার চেয়ে মিশ্র ও ওঝার সাম্প্রতিক পারফরম্যান্স অনেক ভালো। আইপিএলেই এখন পর্যন্ত ৬ ম্যাচে ৭ উইকেট মিশ্রর, ৪ ম্যাচে ৪টি ওঝার। আর চাওলার ৫ ম্যাচে ৩টি, বাকি দুজনের চেয়ে ওভারপ্রতি রানও বেশি দিয়েছেন ২১ বছর বয়সী লেগ স্পিনার।প্রশ্ন উঠছে রোহিত শর্মাকে নিয়েও। ভাবা হয়েছিল দলে সুযোগ পাবেন উত্তরাঞ্চলের ২০ বছর বয়সী মনীষ পান্ডে। কিন্তু রঞ্জিতে সর্বোচ্চ রান করার পর আইপিএলেও এখন পর্যন্ত দারুণ খেলেছেন, কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েনি রয়্যাল চ্যালেঞ্জার্স ওপেনারের। পান্ডের আইপিএল ও রাজ্য সতীর্থ বিনয় কুমার এ ক্ষেত্রে ভাগ্যবান। রঞ্জিতে সর্বোচ্চ ৪৬ উইকেট নেওয়ার পর আইপিএলে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নিয়ে মন কাড়তে পেরেছেন নির্বাচকদের। আর এতে কপাল পুড়েছে ইশান্ত শর্মা ও শ্রীশান্তের।ইনজুরির জন্য আইপিএলে এখনো পর্যন্ত একটিও ম্যাচ না খেলা আশিস নেহরাকে নেওয়া হয়েছে দলে। আছেন এখনো পর্যন্ত পুরোপুরি ফিট না হওয়া বীরেন্দর শেবাগ ও জহির খানও। যদিও দুজনেই খেলছেন আইপিএল। আইপিএলে দুর্দান্ত খেলে ফেরার আশা জাগানো ইরফান পাঠান ও রবিন উথাপ্পারও জায়গা হয়নি। তবে টিকে গেছেন চুক্তি জটিলতায় এবারের আইপিএল খেলতে না পারা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এত বিতর্কের পরও অবশ্য নির্বাচক কমিটির প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন সম্ভাব্য সেরা দলটাই তাঁরা বেছে নিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে আমরা সন্তুষ্ট। দলের সবার পারফরম্যান্স আমরা খুশি, সবাই ধারাবাহিকতা দেখিয়েছে।’ ওয়েবসাইট। টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর শুরু হচ্ছে ৩০ এপ্রিল, আইপিএল শেষ হওয়ার ৫ দিন পর। ভারতের গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধি.), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, জহির খান, প্রাভিন কুমার, আশিস নেহরা, হরভজন সিং, পীযূষ চাওলা, বিনয় কুমার, রোহিত শর্মা।