ভারতীয় দলের ‘ব্র্যান্ড ভ্যালু’ কমেছে
এপ্রিল থেকে আগস্ট। ব্যবধান মাত্র চার মাস। তবে এ অল্প সময়েই বিপরীত চিত্র। ২৮ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয় করায় ভারতীয় দলের ‘ব্র্যান্ড ভ্যালু’ রাতারাতি আকাশছোঁয়া উচ্চতায় উঠেছিল। নাটকীয়ভাবে তা এখন ক্রমেই নিচের দিকে নামছে। অবনমন ঘটেছে ক্রিকেটারদের ব্যক্তিগত ‘ব্র্যান্ড ভ্যালু’তেও।বিশেষজ্ঞদের আশঙ্কা, মহেন্দ্র সিং ধোনিরা এই বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে দল ও ক্রিকেটারদের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালুতে বড় ধরনের বিপর্যয় নামবে। ক্রিকেটারদের ব্যর্থতায় বড় বড় ব্র্যান্ডগুলো নেতিবাচক প্রশ্ন তুলবে। আর এতে দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় দল।আগামী মাসে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করবে ভারত। এ প্রতিযোগিতার স্পনসরশিপ পেতে হুড়োহুড়ি শুরু হয়ে যাওয়ার কথা। অথচ মুখ ফিরিয়ে নিয়েছে ভারতের মোবাইল কোম্পানি এয়ারটেল। ক্রিকেটের বদলে এয়ারটেল বিনিয়োগ করেছে ‘ফরমুলা ওয়ান’ এ।‘যে প্রক্রিয়ায় খেলা এগিয়ে চলছে, তাতে পুরোপুরি পরিবর্তন আনা দরকার। যেসব তারকা ক্রিকেটাররা শিগগিরই অবসর নেবেন, তাঁদের ওপর নির্ভর করছি আমরা। কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে হবে। ক্রিকেটের বাইরেও কিন্তু এরই মধ্যে মনোযোগ দিয়েছে ব্র্যান্ডগুলো’—বলেছেন খেলাধুলা ও বিনোদন তারকাদের একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রনীল ব্লাহ।ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে ০-৪ তে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। টেস্টের শীর্ষস্থান চলে গেছে। ধোনিরা ধরে রাখতে পারেননি দ্বিতীয় স্থানটাও। ক্ষোভ আর হতাশা নিয়ে ভারতের একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শৈলেন্দ্র সিং ভারতীয় ক্রিকেটকে যেন অশনিসংকেতই দেখালেন। বললেন, এটা মেরুদণ্ডহীন ক্ষতি। এতে ক্রিকেট, ক্রীড়াঙ্গন কিছুই ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেট নিয়ে ব্যবসার। ক্রিকেটের প্রতি ব্র্যান্ডগুলো আবেগতাড়িত নয়। সাম্প্রতিক হার ক্রিকেটারদের রেটিংয়ে প্রভাব ফেলবে। ওয়েবসাইট।