ভারতীয় বোর্ড সহায়তা করেনি বলেই...
এক বছর পিছিয়ে গেছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল)। চলতি মাসে প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা থাকলেও তা মাঠে গড়াবে ২০১২ সালের আগস্টে। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হলো এসএলপিএল? এই প্রশ্নে অনেকেরই ইঙ্গিত ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। গুঞ্জন চলছে, ভারতের সমর্থন নেই বলেই প্রতিযোগিতাটি মাঠে গড়ানো সম্ভব হচ্ছে না। গুঞ্জনটা যে মিথ্যে নয়, তা স্বীকার করে নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও। ‘সত্যি বলতে, ভারতীয় বোর্ডের সহায়তা ছাড়া প্রতিযোগিতাটা মাঠে গড়ানো আমাদের পক্ষে কঠিন। আরও ঋণে জড়িয়ে পড়তে পারি না আমরা’—এক সাক্ষাত্কারে বলেছেন লঙ্কান বোর্ডের মুখপাত্র ব্রায়ান টমাস।নিজেদের ১২ জন ক্রিকেটারকে শ্রীলঙ্কায় খেলার অনুমতি দেয়নি ভারতীয় বোর্ড। তবে টমাস জানিয়েছেন, ভারতের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাবে শ্রীলঙ্কা, ‘আগামী বছর অনুষ্ঠেয় প্রতিযোগিতায় আমরা ভারতীয় ক্রিকেটারদের সম্পৃক্ত করার চেষ্টা করব। আমাদের আশা, এ সময়ের মধ্যে ভারতীয় বোর্ডের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছাতে পারব আমরা।’ ওয়েবসাইট।