ভারতীয় বোলারদের দুঃসহ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া সফরটা বাজেভাবেই শুরু হলো ভারতের। ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি একাদশের বিপক্ষে বেধড়ক পিটুনি খেয়েছেন ভারতীয় বোলাররা। ক্যানবেরায় দুই দিনের ম্যাচের প্রথম দিনে কাল ৮৬ ওভারে সভাপতি একাদশ করেছে ৬ উইকেটে ৩৯৮ রান। তবে কালকের সবচেয়ে আলোচিত বিষয় ৫.৩ ওভার বল করেই ইশান্ত শর্মার মাঠ ছেড়ে যাওয়া। ক্লান্তি, চোট, নাকি কোচের পরিকল্পনার অংশ হিসেবে তাঁকে তুলে নেওয়া হয়েছে, জানা যায়নি।ম্যাচের আগে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়াটাই আসল। সুযোগ তাঁরা পেয়েছেন। তবে তাঁদের অনভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগিয়েছে স্বাগতিক একাদশ। টসে জিতে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রাহুল দ্রাবিড় ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন স্থানীয় একাদশকে। শুরুটা ভালোই হয়েছিল ভারতের। ৪৫ রানেই প্রতিপক্ষের ২ উইকেট তুলে নিয়েছিলেন বোলাররা। এই পর্যন্তই, এরপর পুরো দিনটাই ছিল ভারতীয় বোলারদের পিটুনি খাওয়ার গল্প।ওপেনার ওয়েস রবিনসন ১৩ চার ও ৬ ছয়ে করেছেন ১৪৩। চারে নেমে ১৯৪ বলে অপরাজিত ১৮২ করেছেন হল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা টম কুপার। এখন দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলা এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল ২৪টি চার ও ৩টি ছক্কা। চতুর্থ উইকেটে ২২৬ রানের জুটি গড়েন তাঁরা। ভারতের সবচেয়ে সফল বোলার উমেশ যাদব ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। স্পিনার প্রজ্ঞান ওঝা ২ উইকেট পেলেও ২৫.৩ ওভারে ১৪৯ রান দিয়েছেন।আজ শেষ দিনে জিততে হলে ৮৬ ওভারেই ভারতকে টপকাতে হবে ৩৯৮ রান। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে খেললেও ব্যাটিংয়ে ভারত পাচ্ছে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীর ও বিরাট কোহলিকে। ওয়েবসাইট।