ভারতীয় বোলিংয়ে কুকের রান্না
আগের চারটা ইনিংস একদমই ভালো কাটেনি। লর্ডসে দুই ইনিংস মিলিয়ে ১৫ আর ট্রেন্টব্রিজে ৭। মনে হচ্ছিল, গত এক বছরের দুর্দান্ত ফর্মটা হারিয়ে ফেলেছেন অ্যালিস্টার কুক। অন্তত তাঁর আউট হওয়ার ধরনগুলোয় আত্মবিশ্বাসের ছিটেফোঁটা ছিল না। কুক সব সংশয় মুছে দিলেন দুর্দান্ত এক ইনিংস খেলে। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন পরশুই। কাল করলেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। আর এই ‘রানমেশিন’ কাজ শুরু করে দেওয়ায় তৃতীয় দিনেই পরাজয়ের চোখ রাঙাচ্ছিল ভারতকে। কেবল দ্বিতীয় ইনিংসে ভারতের দুর্দান্তভাবে ফিরে আসা কিংবা বৃষ্টিই বাঁচাতে পারে ধোনিদের। কুক নিজে অবশ্য এখনই টেস্টের ফল নিয়ে কথা বলতে রাজি ছিলেন না। ‘টেস্টের অর্ধেকটাও তো এখনো পার হয়নি’—পরশু দিন শেষে বলেছেন সাংবাদিকদের। গত ১২ মাসে ১৯ ইনিংসে সাতটি সেঞ্চুরি কুকের। মাঝখানের সাময়িক রান-খরা ঘুচিয়ে ফেলার তৃপ্তির ছোঁয়া তাঁর কথায়, ‘রান করাটা সব সময়ই তৃপ্তির, সেটা আরও বেশি তৃপ্তি এনে দেয় যদি আপনি আগের দুটো টেস্টে রান না পান। আগের দুটো টেস্টের কন্ডিশন খুবই কঠিন ছিল। তবে আজ (পরশু) সৌভাগ্যক্রমে নতুন বলটা আমি ভালোমতোই সামাল দিতে পেরেছি।’বয়স মাত্র ২৬। এই বয়সেই ১৯টি টেস্ট সেঞ্চুরি। বর্তমান ইংলিশ ক্রিকেটারদের মধ্যে যৌথ সর্বোচ্চ, ১৯টি সেঞ্চুরি আর আছে অ্যান্ড্রু স্ট্রাউসের। আর একটি সেঞ্চুরি করতে পারলে ছুঁয়ে ফেলবেন গ্রাহাম গুচকে। সর্বকালের ইংলিশ রেকর্ডটাও আর বেশি দূরে নেই। ২২টি করে সেঞ্চুরি করেছেন তিন ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ড, কলিন কাউড্রে আর জিওফ বয়কট।শচীন টেন্ডুলকারের পর সবচেয়ে কম বয়সে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক গড়া কুক নিশ্চিতই আরও অনেক দূর যাবেন। তবে এসেক্সেরই সাবেক তারকা গুচের ২০ সেঞ্চুরির মাইলফলকটাই আপাতত সামনে। কুক অবশ্য বলছেন, ‘তাঁর ২০ সেঞ্চুরির রেকর্ডটা আমি ছুঁয়ে ফেললে সেটি হবে খুবই পরিতাপের। উনি গ্রেট এক ব্যাটসম্যান। অবশ্য এখন ওর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক।’শুধু তা-ই নয়, সেঞ্চুরি করলে ১০০-তেই না থেমে ইনিংসটাকে বড় করার প্রেরণাও গুচের কাছ থেকেই পেয়েছেন বলে জানালেন, ‘এটা গুচির কাছেই শেখা। ১৫০-এর নিচে কোনো রানকেই তিনি রান বলে গণ্য করতেন না।’ এএফপি।