ভারতীয় ব্যাটসম্যানদের সাঈদ আজমলের সতর্কবার্তা
দীর্ঘদিন পরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে পাকিস্তান। হাই প্রোফাইল এই সিরিজটি যে বেশ উত্তাপ ছড়াবে তা টের পাওয়া যাচ্ছে এখন থেকেই। মাঠের লড়াই শুরুর আগে এখন থেকেই বাকযুদ্ধ শুরু করে দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। নতুন ধরণের কিছু বোলিং বৈচিত্র দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বোকা বানিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন অফস্পিনার সাঈদ আজমল।আগামী ২৫ ডিসেম্বর থেকে ভারতের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান। এবারের এই ভারত সফরে সাঈদ আজমলই যে পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন, তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। নিজের প্রতিভার প্রমাণ দিয়ে বেশ কিছুদিন ধরেই আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা নিজের দখলে রেখেছেন পাকিস্তানের এই অফস্পিনার। এবার নতুন ধরণের কিছু বোলিং বৈচিত্র্য দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বোকা বানিয়ে দেবেন বলেও ঘোষণা দিয়েছেন আজমল। তিনি বলেছেন, ‘ভারতীয় ব্যাটসম্যানদের জন্য আমি বেশ কিছু বোলিং বৈচিত্র্য নিয়ে আসব। টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচের জন্য ভারতের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। তাদের বিপক্ষে বোলিং করাটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি শচীন টেন্ডুলকার না বিরাট কোহলির বিপক্ষে বোলিং করছি সেটা গুরুত্বপূর্ণ হবে না। আমার লক্ষ্য থাকবে দলের জন্য যতো বেশি সম্ভব উইকেট শিকার করা।’এবছরে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের মুখ দেখতে হয়েছিল পাকিস্তানকে। এবারের ভারত সফরটাকে তাই অনেকেই বিবেচনা করছেন পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার মঞ্চ হিসেবে। তবে ভারত সফর নিয়ে এরকম কোন প্রতিশোধস্পৃহা কাজ করছে না সাঈদ আজমলের মনে। তিনি বলেছেন, ‘প্রতিটা ম্যাচই একেকটা নতুন ম্যাচ। আর আমরা জানি যে, ভারতের মাটিতে ভারতকে হারাতে পারাটা হবে একটা গুরুত্বপূর্ণ অর্জন। কাজেই আমরা এই সিরিজটাকে একটা নতুন সিরিজ হিসেবেই দেখতে চাই।’— পিটিআই