ভারতীয় স্পিন নিয়ে চিন্তিত উইন্ডিজ কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের স্পিনবান্ধব উইকেটে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে নাস্তানাবুদ হননি এমন ব্যাটসম্যান খুব কমই পাওয়া যাবে। দেশের বাইরে অতটা না হলেও যথেষ্টই বিপজ্জনক হয়ে ওঠেন হরভজনরা। তাই ভারতের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে স্পিনারদের নিয়েই বেশি চিন্তিত ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন।সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজটিতেও পাকিস্তানি স্পিনার সাইদ আজমল, মোহাম্মদ হাফিজ ও আবদুর রেহমানের ঘূর্ণিতে নাজেহাল হয়েছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। কোচ গিবসন তাই সেই ভুলগুলো শুধরে ভারতের বিপক্ষে ভালো পারফরমেন্স দেখানোর আহ্বান জানিয়েছেন সিমন্স, ব্রাভো ও সারওয়ানদের। তিনি বলেছেন, ‘আমাদের অনেক ব্যাটসম্যান আছে যারা স্পিন ভালোই খেলে এবং রানও করতে পারে। কিন্তু আগে থেকেই একটা পরিষ্কার পরিকল্পনা থাকা উচিত যে আমরা স্পিন কীভাবে খেলব। পাকিস্তানের বিপক্ষে আমরা স্পিনটা ভালো খেলতে পারিনি। খুব তাড়াতাড়ি আউট হয়েছি এবং চাপের মুখে পড়েছি। এবার এটা নিশ্চিত করতে হবে যে আমরা খুব ধীরেসুস্থে স্পিনারদের খেলব। যেন তারা আমাদের ওপর খুব বেশি চেপে বসতে না পারে।’আগামী ৬ জুন থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ভারতের উইন্ডিজ সফর। অফস্পিনার হরভজন সিং ওয়ানডে ও টেস্ট দুটো সিরিজেই খেলবেন। লেগ স্পিনার অমিত মিশ্র ও অফস্পিনার রবি অশ্বিনও ওয়ানডে সিরিজে খেলতে পারেন বলে জানা গেছে। ইএসপিএন।