ভারতীয় হকি দলের সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি দুঃসংবাদ শুনল পাকিস্তানের ক্রীড়াঙ্গন। এবার হকিতে। অনেক দিন পর দেশের মাটিতে একটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজনের সব প্রস্তুতি যখন সম্পন্ন, তখনই এল দুঃসংবাদটা। খেলতে আসছে না প্রতিবেশী ভারত। পাকিস্তান হকি ফেডারেশনের সম্পাদক আসিফ বাজওয়া গতকাল জানিয়েছেন, ভারতীয় সরকারই বাদ সেধেছে এই সফরে। ‘খুব হতাশাজনক, বর্তমান পরিস্থিতি সফরের জন্য অনুকূল নয় দাবি করে ভারত তাদের দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে’—বলেছেন তিনি।আগামী ৯ থেকে ১৩ এপ্রিল লাহোরে আয়োজিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। তৃতীয় দল ছিল মালয়েশিয়া। পাকিস্তান হকি ফেডারেশন এই প্রতিযোগিতার মধ্য দিয়েই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক হকি সম্পর্ক পুনরুজ্জীবনের আশা করছিল। ২০০৬ সালের পর থেকে বন্ধ আছে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। বাজওয়া হতাশাটা বিস্তারিতই প্রকাশ করেছেন, ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। ভেবেছিলাম, এ আয়োজনটা ইন্দো-পাক হকিতে নতুন প্রেরণা যোগ করবে, কারণ দুই দলই লন্ডন অলিম্পিকে অংশ নিচ্ছে। কিন্তু সবই তো শেষ হয়ে গেল।’ এএফপি।