ভারতীয়দের জন্য পরিকল্পনা কাজে আসেনি: গুল
ভারতীয় দলের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ, তার ওপর ঘরের মাঠ। শচীন টেন্ডুলকারদের ঠেকাতে পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র ছিলেন উমর গুল। কিন্তু গুল পারেননি, উল্টো ৮ ওভার বোলিং করে দেন ৬৯ রান। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে পাকিস্তানের বিদায়ের পর কেটে গেছে বেশ কিছু দিন। তবে ৩০ মার্চের সেই ব্যর্থতা এখনো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে উমর গুলকে।‘আমি স্ট্যাম্প বরাবার বল করতে সেরা চেষ্টাটাই করেছি। কিন্তু আমি পারিনি। এ ম্যাচে আমাদের অনেক পরিকল্পনা ছিল। কিন্তু ভারতীয়দের জন্য আমাদের পরিকল্পনা কাজে আসেনি’—পাকিস্তানের জনপ্রিয় দৈনিক ডনকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন উমর গুল।বিশ্বকাপের পর পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন উমর গুল। পরিবারের সঙ্গে সময় কাটাতেই সিদ্ধান্তটি নেন এই ফাস্ট বোলার, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলাম। কারণ, আমি আমার পরিবারকে আরও সময় দিতে চেয়েছি। প্রায় সাত মাস ধরে একটানা খেলে যেতে হয়েছে আমাকে।’ওয়ানডে সিরিজের দলে ইচ্ছা করেই থাকেননি। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন বলে নিশ্চিত করেছেন উমর গুল, ‘আমি আমার অনুশীলন যথারীতি চালিয়ে যাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেই ফিরব আমি।’ ওয়েবসাইট।