ভারতীয়রা টেস্ট ক্রিকেটে আগ্রহী নয়: চ্যাপেল
২০০৫ থেকে ২০০৭। দুই বছর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করেছেন গ্রেগ চ্যাপেল। খুব কাছ থেকে দেখার সুবাদে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে সাবেক এই কোচের মন্তব্য, ‘ভারতীয়রা টেস্ট ক্রিকেটে আগ্রহী নয়।’ অ্যাডিলেডে আজ বুধবার নিজের লেখা বই ‘ফায়ারস ফোকাস’-এর প্রচারণামূলক এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন চ্যাপেল।এত দিন পর চ্যাপেলের এই মন্তব্যের কারণ, সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে মহেন্দ্র সিং ধোনির দলের ‘ধবলধোলাই’ হওয়ার ঘটনা। ভারতীয়দের টেস্ট ক্রিকেটের প্রতি অনাগ্রহের কারণটিও বলতেও ভুল করেননি এই অস্ট্রেলীয়।চ্যাপেল বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটের প্রতি ভারতীয় ক্রিকেটারদের কোনো আগ্রহ আমি দেখিনি। আমি সত্যি হতাশ হয়েছি। ওদের সঙ্গে আমি দীর্ঘ সময় কাজ করেছি। সাজঘরে ওদের সঙ্গে সময় কাটিয়েছি। আমার মনে হয়েছে, ভারতীয় বেশির ভাগ ক্রিকেটারের জন্য টেস্ট ক্রিকেট খুব কঠিন। টেস্টে ভালো করা জন্য শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হয়।’ভারতীয় সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন চ্যাপেল। বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতি ভিন্ন ধরনের, ঠিক দলীয় সংস্কৃতি নয়। দলের মধ্যে নেতৃত্বের অভাব রয়েছে। কারণ নেতৃত্বের গুণাবলি ওদের কখনো শেখানো হয় না। ছোটবেলায় ওদের মা-বাবা, স্কুল-শিক্ষকেরা সিদ্ধান্ত নেন, কোচরা সিদ্ধান্ত নেন। মোটকথা, ছোটবেলা থেকেই ভারতীয়দের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরিতে বাধা দেওয়া হয়।’ ওয়েবসাইট।