ভারতে এসে বললেন উসাইন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পেটানো শরীর, মেদহীন। অ্যাথলেটদের যেমন হয়। কথাতেও বিন্দুমাত্র মেদ থাকে না তাঁর। এদিক-ওদিক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা নেই। কিছু জানতে চাইলে সোজাসুজি উত্তর। এখানেও উসাইন বোল্ট আর সবার চেয়ে আলাদা। না হলে ১০০ মিটারে তাঁর ৯.৫৮ সেকেন্ডের রেকর্ড ভাঙবে কি না—এমন প্রশ্নে কেউ সদম্ভে ঘোষণা করতে পারে, ‘রেকর্ডটা ধরাছোঁয়ার যথেষ্ট বাইরে!’
রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই, এটা মেনে নিয়েও জ্যামাইকান স্প্রিন্টার বলছেন, তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন অ্যাথলেটের সংখ্যা হাতে গোনা, কিন্তু তাঁকে হারানোর কেউ নেই, ‘ট্র্যাক অ্যান্ড ফিল্ড খেলাটা একটু অদ্ভুত। মনের ধীশক্তি এবং একাগ্রতাই এখানে বড় ব্যাপার। নির্দিষ্ট কাউকে বেছে নেওয়া কঠিন। আমার কোচ মনে করেন, জাস্টিন গ্যাটলিন খুব ভালো। টাইসন গে, ইয়োহান ব্লেক...আরও অনেকেই উঠে আসছে। কিন্তু আমাকে হারানোর সুযোগ আমি কাউকে দিচ্ছি না।’
কেন তাঁর রেকর্ড ধরাছোঁয়ার বাইরে, ভারতে পিউমার প্রচারণামূলক সফরে এসে সেই ব্যাখ্যাও দিয়েছেন বোল্ট, ‘কেউ আমার মতো গ্রেট হতে চাইলে, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। যে কারণেই আমার রেকর্ডটা টিকে থাকবে।’

.
.


১০০ মিটারে তাঁর বিশ্বরেকের্ডর সময়টিকে আরও কমিয়ে আনা সম্ভব কি না, জানতে চাইলে বোল্ট কথা বলেছেন ২০০ মিটার নিয়েই, যাতে তাঁর বিশ্বরেকর্ড ১৯.১৯ সেকেন্ড, ‘আমি মনে করি, ২০০ মিটারেই উন্নতির সুযোগ আছে। এটা খুব টেকনিক্যাল হলেও সম্ভব। আমি সব সময় ১৯ সেকেন্ডের নিচে দৌড়াতে চেয়েছি। যদি ২০০ মিটারে নতুন রেকর্ড গড়ার চেষ্টা করতে থাকি, আমি নিশ্চিত এটা ১০০ মিটারেও কাজে দেবে।’
পরশু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বসেরা স্প্রিন্টার প্রথমে ১০০ মিটারে দৌড়েছেন। আসলে মজাই করেছেন। তা না হলে ভারতের গত বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং জেতেন কী করে! আবার ক্রিকেট-পাগল ভারতে এসে ক্রিকেট না খেললে নেহাতই খারাপ দেখায়, তাই শখের ক্রিকেটও খেলতে হয়েছে। সেটি ছিল সেভেন-এ-সাইড ক্রিকেট। যদিও বোল্ট আর যুবরাজই শুধু ব্যাট করেছেন। ব্যাট হাতে ১৯ বলে করেছেন ৪৫ রান। ট্র্যাকের গতিটা যেন তুলে এনেছিলেন কবজিতে। পাঁচটি ছক্কা মেরেছেন, যার তিনটিই আবার ভারতের সর্বশেষ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংয়ের বলে। সংবাদ সম্মেলনে বোল্ট জানালেন, তাঁর ক্রিকেট-ভক্ত বাবা তাঁকে অ্যাথলেটিকসের দিকে না ঠেলে দিলে হয়তো ক্রিকেটারই হতেন, ‘আমার বাবাও ক্রিকেটের বড় ভক্ত। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় আমার কাছে দুটি বিকল্প ছিল—ক্রিকেট অথবা অ্যাথলেটিকস।’ কিন্তু জ্যামাইকার সিস্টেমটাই এমন যে সেখানে জাতীয় ক্রিকেট দলের চেয়ে অ্যাথলেটিকসে প্রতিনিধিত্ব করা অনেক সহজ। বাবাও বললেন, “অ্যাথলেটিকসে তুমি দ্রুত এগোতে পারবে।” অবশ্য অ্যাথলেটিকস দুই হাত ভরে দিয়েছে উসাইন বোল্টকে। যশ, খ্যাতি বিত্তবৈভব সবই পেয়েছেন ১০০, ২০০ এবং ৪×১০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে ১০০ মিটারে কে দ্রুততম হতে পারেন? উত্তরে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের নাম নিয়েছেন বোল্ট। নাম নিয়েছেন স্বদেশি ক্রিস গেইলেরও। তবে অলিম্পিকে ছয়টি সোনার মালিকের ধারণা, গেইল ১০০ মিটার দৌড়টা শেষ করবেন সবার শেষে। এএফপি, আইএএনএস।

স্প্রিন্টে জিতলেন যুবরাজ, ক্রিকেটে বোল্ট। আসলে জিতলেন দুজনেই—দর্শকের হৃদয়। পরশু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে l এএফপি
স্প্রিন্টে জিতলেন যুবরাজ, ক্রিকেটে বোল্ট। আসলে জিতলেন দুজনেই—দর্শকের হৃদয়। পরশু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে l এএফপি