ভারতে খেলার জন্য কড়া নিরাপত্তা চায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলে সেমিফাইনাল খেলতে ভারতে যেতে হবে পাকিস্তানকে। বিশ্বকাপের ফাইনালটাও অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। সে পর্যন্ত যদি পাকিস্তান যেতে পারে, তাহলে ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করার জন্য আইসিসির কাছে দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।পিসিবির একটি বিশ্বাসযোগ্য সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘মুম্বাইয়ে পাকিস্তানের খেলা নিয়ে শিবসেনা পার্টি যে আপত্তি জানিয়েছিল, তাতে আমরা শঙ্কিত। এর পরিপ্রেক্ষিতেই আমরা আইসিসিকে আমাদের উদ্বেগের ব্যাপারটা জানিয়েছি। পিসিবি শুধু নিশ্চিত হতে চায় যে ভারতে খেলার সময় আমাদের ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।’২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে আর কোনো সিরিজ খেলেনি ভারত। পাকিস্তানের কোনো ক্রিকেটারও ২০০৮ সালের পর থেকে আইপিএলের কোনো আসরে অংশ নেননি। এবার বিশ্বকাপ শুরুর পরপরই পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছিলেন, তিনি ভারতে কোনো ম্যাচ খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এসব কথা মাথায় রেখে পিসিবির সেই সূত্র বলেছেন, ‘পিসিবি শুধু এটা নিশ্চিত করতে চায় যে ভারতে গিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।’ ইএসপিএন।