ভারতে পাকিস্তানের ‘ঘরের’ খেলা
বাংলাদেশ যখন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ‘দায়িত্ব’ কাঁধে তুলে নিয়েছে, তখনই পাওয়া গেল খবরটা। ভারতে ‘ঘর’ বানাতে চাইছে পাকিস্তান। নিজভূমে পরবাসী পাকিস্তান আরব আমিরাত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পর এবার ভারতকেও হোম ভেন্যু করতে চাচ্ছে। বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসনের কাছে নাকি এমনই প্রস্তাব দিয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। দুবাইয়ে আইসিসির নির্বাহী কমিটির সভা চলার সময়ই এই প্রস্তাব দিয়েছেন আশরাফ, কাল ইএসপিএনস্টার ওয়েবসাইট জানিয়েছে খবরটি। তাদের সূত্র জানিয়েছে, ভারত সম্মত হলে ম্যাচ আয়োজনের পুরো খরচই জোগাবে পাকিস্তান। এই সুযোগে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্কটাও পুনরুদ্ধার করার ইচ্ছা পাকিস্তানের। ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকেই বন্ধ আছে দুদেশের দ্বিপক্ষীয় সিরিজ। আর ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর থেকেই নেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েবসাইট।