ভারতে ফিরছেন কারস্টেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করার পর দারুণ সফল ছিলেন গ্যারি কারস্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানোর পর নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকেও নিয়ে গেছেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে। তাঁর অধীনে ১৯টি টেস্ট খেলে মাত্র দুবার হারের মুখ দেখতে হয় প্রোটিয়াদের। তবে এখন দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন সাবেক এই প্রোটিয়া ওপেনার। কারস্টেনের এই সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার জন্য শোকবার্তা হলেও আনন্দের আভাস ছড়াচ্ছে ভারতীয় ক্রিকেট অঙ্গনে। কারণ, বর্তমান সময়ের অন্যতম সফল এই কোচ আবার হয়তো ফিরতে পারেন ভারতে।২০১১ সালে কারস্টেন যে অবস্থানে ভারতকে রেখে গিয়েছিলেন, সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি বর্তমান কোচ ডানকান ফ্লেচার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের আগে বেশ কিছুদিন ব্যর্থতার আবর্তেই ঘুরপাক খেয়েছে ভারতীয় ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের পর হয়তো খানিকটা স্বস্তি পেয়েছেন ফ্লেচার। কিন্তু এখনো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিতে পারেননি এই জিম্বাবুইয়ান কোচ।অন্যদিকে গ্যারি কারস্টেন এখনো ভারতীয় ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। ভারতের অনেক ক্রিকেটারই মনে করেন, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের বেশ কয়েকটি বড় সাফল্যের পেছনে বড় অবদান ছিল সাবেক এই প্রোটিয়া ক্রিকেটারের। এখন নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর কারস্টেন যদি ভারতে ফেরার কথা বিবেচনা করেন, তাহলে হয়তো আনন্দেই ভাসবেন ভারতের ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত মার্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন করে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ডানকান ফ্লেচার। তবে ভারতের কোচ হিসেবে তাঁর ভবিষ্যত্ অনেকাংশে নির্ভর করবে এ বছরের শেষে দক্ষিণ আফ্রিকা সফরের ওপর। সেখানে যদি ভারত আশানুরূপ সাফল্য না পায়, তাহলে হয়তো বিদায়ই নিতে হতে পারে ফ্লেচারকে। আর তখন নিশ্চিতভাবেই আবার কোচ হিসেবে কারস্টেনকে ফিরে পাওয়ার চেষ্টা চালাবে ভারত। টাইমস নিউজ নেটওয়ার্ক।