ভারতে যাবেন সাবেক পাকিস্তানি তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। ভারতে অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত এই সিরিজে সাবেক ১০ জন তারকা ক্রিকেটারকে পাঠাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। উদ্দেশ্য, ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা।‘পাকিস্তান অবজারভার’-এর খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার অনুষ্ঠিত পিসিবির নির্বাহী কমিটির বৈঠকে আসন্ন ভারত সফরে শুভেচ্ছা দূত হিসেবে সাবেক তারকাদের পাঠানোর সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পিসিবির একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘ভারত ও পাকিস্তানের ম্যাচ উপভোগ করতে পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। কমিটি মনে করে, এই ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন। তাঁরা শুধু পিসিবি নয়, তাঁরা পাকিস্তানেরই সম্পদ। এই ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেটের শুভেচ্ছা দূত হিসেবে থাকবেন এবং দুই দেশের সম্পর্কোন্নয়নে সহায়তা করবেন।’ভারতে গিয়ে ম্যাচ উপভোগ করতে যেসব তারকাকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে তাঁরা হলেন—হানিফ মোহাম্মদ, ইমতিয়াজ আহমেদ, মজিদ খান, জহির আব্বাস, মুশতাক মোহাম্মদ, ইমরান খান, জাভেদ বুরকি, ওয়াসিম বারী, ইন্তিখাব আলম ও সাদিক মোহাম্মদ।পাকিস্তানের আসন্ন ভারত সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে, মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচে পিসিবির আমন্ত্রিত দুই জন করে সাবেক ক্রিকেটার মাঠে উপস্থিত থাকবেন। আগামী ২২ ডিসেম্বর পাকিস্তান দলের ভারতে পৌঁছার কথা।ভারত-পাকিস্তানের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজটি অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। পরের বছরের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি মদদপুষ্ট সন্ত্রাসীদের অভিযুক্ত করে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রাখে ভারত। প্রথম বছর আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিলেও পরের আসর থেকে পাকিস্তানি ক্রিকেটাররা আর সুযোগ পাননি।