ভারতে শিরোপার আশায় জামাল
গত সপ্তাহে নয়াদিল্লির নয়ডায় পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে হয়েছেন তৃতীয়। এবার জামশেদপুরে টাটা ওপেনে শিরোপা জয়ের পথে বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্লা। আগের দিনের মতো কাল তৃতীয় রাউন্ডেও শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। জামশেদপুরের গোলমুরি গলফ ক্লাবে কাল পারের চেয়ে ২ শট কম খেলে যুগ্মভাবে শীর্ষে জামাল। পারের চেয়ে ৩ শট কম খেলেও ২০তম স্থানে বাংলাদেশের আরেক গলফার সাখাওয়াত হোসেন (সোহেল)। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম খেলে পরশুই লিডার বোর্ডে সবার ওপরে ওঠেন জামাল। আগের দিনের মতো পারফরম্যান্স না হলেও কাল ৬৯ শট খেলে নিজের জায়গাটা ঠিকই ধরে রাখেন। কাল চারটি বার্ডি ও ১টি বগি করেছেন জামাল। সব মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে এখনো এগিয়ে জামাল। ৫০ লাখ রুপি প্রাইজমানির এই টুর্নামেন্টে তাঁর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে স্বাগতিক ভারতীয় মানব জৈনি। তৃতীয় রাউন্ডে মানব খেলেছেন পারের চেয়ে ৪ শট কম।
আত্মবিশ্বাসী জামাল পিজিটিআই ওয়েবসাইটে জানিয়েছেন, ‘আমার শটগুলো খুব নিখুঁত হচ্ছে। জামশেদপুরে আমি এর আগেও ভালো খেলেছি। তাই বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে নিজেকে।’
ভুটানে শীর্ষে সজীব: টাটা ওপেনের মতো ভুটানেও বাংলাদেশি গলফারদের সাফল্য অব্যাহত রয়েছে। ভুটান অ্যামেচার ওপেনের দ্বিতীয় রাউন্ডে কাল পারের চেয়ে ৩ শট কম খেলে শীর্ষে সজীব।