ভারতে ‘আনন্দ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটাও বিশ্বকাপ জয়। কিন্তু ভারতের সাধারণ মানুষের সিংহভাগ হয়তো এর খবরই রাখে না। রাস্তায় উৎসব মিছিল হয় না। হয় না আনন্দ-উৎসব। কিন্তু শাহরুখ খান বলছেন, বিশ্বনাথন আনন্দের এই জয়ে সারা দেশের মানুষের উচিত উৎসব করা, ‘দেশের সবার উচিত রাস্তায় নেমে এসে উৎসব করা। এটা যেকোনো বিশ্বকাপ জয়ের চেয়েও বড়।’পরশু মস্কোতে ইসরায়েলের বরিস গেলফান্ডকে হারিয়ে টানা চতুর্থবার দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন আনন্দ। সব মিলে তাঁর পঞ্চম বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা। এই জয়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস না থাকলেও বলিউড তারকা শাহরুখ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত অভিনন্দন জানিয়েছেন। দেশটির সংবাদমাধ্যমেও ছিল এর উদ্যাপন। প্রধানমন্ত্রী মনমোহন সিং এই জয়কে বলেছেন ‘বিশাল এক অর্জন’। ক্ষমতাসীন কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী বলেছেন, ‘বিরাট জয়’। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই জয় দিয়ে আনন্দ তাঁর নিন্দুকদের মুখ ভোঁতা করে দিলেন, যারা মন্তব্য করেছিল, আনন্দ সেই সহজাত ক্ষমতা হারিয়ে ফেলেছেন। মেইল টুডে প্রথম পাতায় ছবিসহ ছেপেছে এই খবর। ভারতের ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন বলেছেন, ‘তিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। তিনিই আমাদের দেশের সেরা ক্রীড়াবিদ।’ ভারতের দাবা ফেডারেশনের সভাপতি জে প্রভাকর আনন্দকে সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারতরত্ন দেওয়ার আহ্বান জানিয়েছেন। এএফপি।