ভারতেই বেশি আফ্রিদিদের ভালোবাসা!
নিরাপত্তাশঙ্কায় কয়েক দিন ধরে টানাপোড়েন চলছিল পাকিস্তান দলের ভারতে আসা নিয়ে! এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকি পর্যন্ত দিয়েছিল পাকিস্তান। অবশেষে সব শঙ্কা পেছনে ফেলে পরশু রাতে ভারতে (কলকাতা) পা রাখলেন আফ্রিদিরা।
এত টানাপোড়েনের পর ভারত এসে আবার মুখ ফসকে কিছু বলে ফেললেই তো জল ঘোলা হবে। কাল ইডেন গার্ডেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাই বেশ সতর্ক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্নগুলো বিপজ্জনক বাউন্সারের মতোই এড়িয়ে গেছেন, উল্টো প্রশংসা-বন্যায় ভাসিয়েছেন ভারতীয়দের! সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময় ভারতের আতিথেয়তা আর ভালোবাসার গুণকীর্তন করে যাওয়া আফ্রিদির মুখ থেকে তাই শোনা গেল, ‘ভারতে এসে প্রতিবারই যে ভালোবাসা পাই, তা দেশেও পাই না!’
চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ভারতকে নাকি নিজের ঘরের মতোই মনে করেন আফ্রিদি, ‘ভারতে এসে খেলাটা যত উপভোগ করি, অন্য কোথাও এত করি না। আমি আমার ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে আছি। এটুকু অন্তত বলতে পারি, ভারতে যে ভালোবাসা পেয়েছি সেটা সব সময় আমার মনে থাকবে।’ নিরাপত্তা নিয়ে যে তাঁর দল পুরোপুরি সন্তুষ্ট সেটিও উঠে এল পাকিস্তান অধিনায়কের কণ্ঠে, ‘কলকাতায় এসে কোনোরকম নিরাপত্তাহীনতায় ভুগছি না।’
এই ইডেনেই ১৯ মার্চ তীব্র প্রতিদ্বন্দ্বিতামুখর ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ওই ম্যাচ নিয়েও বেশ আত্মবিশ্বাসী আফ্রিদি, ‘ইডেন আমাদের জন্য খুবই সৌভাগ্যের। এই মাঠে খেলতে সব সময় দারুণ লাগে।’
আফ্রিদির পর সংবাদ সম্মেলনে এসে ভারত-বন্দনা করলেন ভারতের ‘জামাই’ শোয়েব মালিকও। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী পাকিস্তানি এই অলরাউন্ডারও বললেন, ‘প্রথমেই আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রীও ভারতীয়। আমি সব সময়ই এখানে এসে অনেক ভালোবাসা পাই। কখনো নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়িনি। আমি সত্যি ভারত ও পাকিস্তানের মানুষের মাঝে কোনো তফাত দেখতে পাই না। আমরা একই ভাষায় কথা বলি এবং একই ধরনের খাবার খাই। আমি ভারতে এসে খুবই খুশি।’
অন্যদের মতো তিনিও রোমাঞ্চিত ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে, ‘১৯ তারিখ আমরা সেরাটাই দেব। তবে ভারতকে আর পাঁচটা প্রতিপক্ষ দলের মতো করেই আমরা দেখতে চাইছি। আলাদা করে ভাবলে তো চাপ বেড়ে যাবে। এটা আমরা একেবারেই চাইছি না।’ ক্রিকইনফো।