সিরিজের মীমাংসা হয়ে গেছে গত ম্যাচেই। আজ চেন্নাইয়ের পঞ্চম ওয়ানডেটি তাই শুধুই আনুষ্ঠানিকতা। তবে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগ অস্ট্রেলিয়া সফরের আগে শেষ ম্যাচটিও নিশ্চয়ই জিততে চাইবেন। আরেকটি জয় কঠিন এক সফরের আগে আত্মবিশ্বাসই বাড়াবে। টেস্ট দলে সুযোগ পাওয়া দুই বোলার বিনয় কুমার এবং অভিমন্যু মিঠুনও পাবেন বাড়তি ম্যাচ প্র্যাকটিসের সুযোগ। এই ম্যাচে সুযোগ পেতে পারেন অনেক দিন পর ডাক পাওয়া ইরফান পাঠান।জয় দিয়ে শেষ করতে চান ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামিও, ‘আমি মনে করি, আমরা এখনো ম্যাচ জিততে পারি। কালকের ম্যাচটাকে অন্যান্য ম্যাচের মতোই গুরুত্ব দিচ্ছি।’আগের ম্যাচে অধিনায়কের ব্যাটিং-তাণ্ডবে লন্ডভন্ড হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৪৯ বলে ২১৯ রান করে শেবাগ কাটিয়েছেন ১০ ম্যাচের সেঞ্চুরি-খরা। বিশ্ব রেকর্ড গড়েছেন, অধিনায়ক হিসেবে জিতেছেন প্রথম ওয়ানডে সিরিজ। নিয়মিত অধিনায়ক ধোনি, টেন্ডুলকার ও যুবরাজের মতো সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই সিরিজ জেতার মূল্যও কম নয়।আজও কি দেখা যাবে শেবাগের বিধ্বংসী ব্যাটিং? নাকি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা নেবেন প্রতিশোধ? মনে রাখতে হবে ওয়ানডেতে শেবাগ কখনোই টানা সেঞ্চুরি পাননি। আবার বৃষ্টিতে ভেসেও যেতে পারে ম্যাচটা। বছরের এই সময়ে চেন্নাইয়ে থাকে বৃষ্টির প্রকোপ। যদিও গত এক সপ্তাহ রোদ ঝলমলেই ছিল বঙ্গোপসাগরের উপকূলবর্তী চেন্নাইয়ের আকাশ। ওয়েবসাইট।