ভারতের আরেকটি ইনিংস পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানেই হারতে হলো ভারতকে। পার্থের গতিময় উইকেটে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের ব্যবধানটা ইনিংস ও ৩৭ রান। পাঁচ দিনের টেস্ট শেষ হলো আড়াই দিনের মাথায় এসে। এটি বিদেশের মাটিতে ভারতের টানা সপ্তম পরাজয়। পার্থ টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল সেই প্রথম দিনই। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৬১ রানেই গুটিয়ে গিয়ে পরাজয়ের পথ তৈরি করেই রেখেছিল মহেন্দ্র সিং ধোনির ছেলেরা। দ্বিতীয় ইনিংসে এসে প্রথম ইনিংসের মোট সংগ্রহের সঙ্গে আর মাত্র ১০ রান যোগ করতে পারল তারা। দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ সাকল্যে ১৭১ রান। ভারতের দ্বিতীয় ইনিংস ও ব্যটসম্যানদের ব্যর্থতার আখ্যান। পুরো অস্ট্রেলিয়া সিরিজের মতোই টপ অর্ডারের ব্যর্থতা পার্থেও ভারতের পরাজয় তরান্বিত করেছে। কেবল মিডল অর্ডারে রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি ছোটখাটো প্রতিরোধ গড়লেও ইনিংস পরাজয় এড়ানোর জন্য তা শেষ পর্যন্ত যথেষ্ট ছিল না। টপ অর্ডারের মতো ভারতের লেট অর্ডারও যে তাসের ঘর! রাহুল দ্রাবিড় ৪৭ ও বিরাট কোহলি ৭৫ রান করেছিলেন। আর বাকি ব্যাটসম্যান—শেবাগ, গম্ভীর, টেন্ডুলকার, লক্ষ্মণ, ধোনি, বিনয়, জহির খান, ইশান্ত, যাদবের রানগুলোকে পাশাপাশি সাজান (১০,১৪,০৪,০০,০২,০৬,০০,০০,০০), দেখতে অনেকটা লটারির টিকিটের নম্বরের মতো মনে হবে।অস্ট্রেলিয়ারও বেশির ভাগ শীর্ষ ব্যাটসম্যান পার্থে ছিলেন ব্যর্থ। ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ১৮০ ও এড কাওয়ানের ৭৪ রান বাদ দিন, অস্ট্রেলিয়ার ব্যাটিংকেও ভঙ্গুর দেখাবে। কিন্তু দুই দলের পার্থক্য হলো, এই টেস্টে ভারতের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। অথচ ভারতীয় ব্যাটিং অর্ডারের নামগুলো একবার পড়ে দেখুন, কীর্তির ভারে অবশ্যই মাথা নোয়াতে হবে আপনাকে। অস্ট্রেলিয়ার বোলিং বিভাগের এক নতুন সেনসেশন বলা যেতে পারে হিলফেনহসকে। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও একই ধরনের বোলিং পারফরম্যান্স দেখিয়ে নিলেন আরও ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারতের লেট অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছেন এই ডান হাতি পেসার। মেলবোর্ন ও সিডনি সিরিজের প্রথম দুটি টেস্টে জেমস প্যাটিনসন ছিলেন অস্ট্রেলিয়ার পেসগুরু। ইনজুরির কারণে পার্থে খেলতে পারেননি তিনি। তাঁর বদলি রায়ান হ্যারিসের যে পারফরম্যান্স, সেই সঙ্গে সিডল ও হিলফেনহসের, তাতে প্যাটিনসন ফিরে এলে অস্ট্রেলীয় নির্বাচকদের পড়তে হবে এক মধুর সমস্যায়।হিলফেনহসের পাশাপাশি হ্যারিস ও সিডল দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছেন যথাক্রমে ১ ও ৩ উইকেট। স্ট্রাককে কি ভুলে গেলেন? দুর্দান্ত এই পেসার উভয় ইনিংসেই নিয়েছেন দুটি করে উইকেট।ভারত পার্থ টেস্টের প্রথম দিন একজন স্পিনারের অভাব অনুভব করছিল। ডেভিড ওয়ার্নারের মারকুটে ব্যাট কিছুক্ষণের জন্য শান্ত করে রেখেছিলেন বীরেন্দর শেবাগ। অনেকেই বলাবলি করছিলেন, এখানে যদি অশ্বিন বা প্রজ্ঞান ওঝা থাকত, তাহলে কেমন হতো? জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে ভারতীয় পেসাররাই দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন। আরেকবার ঝলসে উঠেছিলেন উমেশ যাদব ও জহির খান। কিন্তু ব্যাটিংয়ের ব্যর্থতায় সব চেষ্টা, সব প্রয়াসই বিফলে। সিরিজে এই মুহূর্তে ৩-০তে পিছিয়ে ভারত। এর পরের টেস্টে ব্যাটিংকে মেরামত না করলে এই ব্যবধানটা যে ৪-০ হচ্ছে, তা নিয়ে কারও মনে বিন্দুমাত্র সন্দেহ নেই।সংক্ষিপ্ত স্কোরভারত ১৬১ (১ম ইনিংস)কোহলি ৪৪, লক্ষ্মণ ৩১হিলফেনহস ৪/৪৩, সিডল ৩/৪২অস্ট্রেলিয়া ৩৬৯ (১ম ইনিংস)ডেভিড ওয়ার্নার ১৮০, এড কাওয়ান ৭৪উমেশ যাদব ৫/৯৩, জহির খান ২/৯১ভারত ১৭১ (২য় ইনিংস)কোহলি ৭৫, দ্রাবিড় ৪৭হিলফেনহস ৪/৫৪, সিডল ৩/৪৩(অস্ট্রেলিয়া জয়ী ইনিংস ও ৩৭ রানের ব্যবধানে)