ভারতের আরেকটি বড় হার
পঞ্চম দিনে মাত্র ৫৫ মিনিটের নাটক। এর মধ্যেই ‘অ্যান্টি ক্লাইমেক্সের ছড়াছড়ি। কলকাতা টেস্ট জিততে মাত্র ৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্যাভিলিয়নে ফিরলেন দুরন্ত ফর্মে থাকা ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। কুকের সঙ্গে সঙ্গে বিদায় নিলেন জোনাথন ট্রট ও কেভিন পিটারসেন। তবে অ্যান্টি ক্লাইমেক্সকে ক্লাইমেক্সে পরিণত করতে আপ্রাণ লড়ে গেলেন ইয়ান বেল ও নিক কম্পটন। রবিচন্দ্রন অশ্বিন আর প্রজ্ঞান ওঝার ঘূর্ণি চাপ সামলে এই দুই ব্যাটসম্যান ইংল্যান্ডকে এনে দিলেন ৭ উইকেটের জয়। সেই সঙ্গে ভারতকে ‘উপহার’ দিলেন ১৯৯৯-২০০০ সালের পর এই প্রথমবারের মতো দেশের মাটিতে টানা দুই টেস্টে পরাজয়ের তেঁতো স্বাদ।চতুর্থ দিন ভারতীয় ব্যাটসম্যানরা যখন যাওয়া-আসার মিছিলে ব্যস্ত, তখন একক প্রতিরোধ গড়ে তুলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু অপরাজিত থেকে তাঁর ৯১ রানের ইনিংসটি কেবল ইংল্যান্ডের জয়ই প্রলম্বিত করেছে, সেই সঙ্গে লজ্জা দিয়েছে ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। ইশান্ত শর্মাও ৭৬ বল খেলে ১০ রান করে বুঝিয়ে দিয়েছিলেন, এই উইকেটে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়িয়ে পড়তে পারতেন। ২০৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে সূচনাটা কিন্তু মন্দ ছিল না ভারতের। শেবাগ ও গম্ভীর জুটি প্রথম উইকেটে ৮৬ রান যোগ করে আশা জাগাচ্ছিল। কিন্তু শেবাগ ব্যক্তিগত ৪৯ রানে সোয়ানের বলে বোল্ড হলে ভারতের সর্বনাশের সূচনা হয়। একে একে প্যাভিলিয়নে ফেরেন পূজারা, গম্ভীর ও শচীন টেন্ডুলকার। যুবরাজ, কোহলি ও ধোনি দলীয় ১৫৫ রানের মধ্যে আউট হয়ে গেলে ইনিংস পরাজয়ের শঙ্কাটাও চেপে ধরে ভারতকে। জহির খান আউট হন দলের ১৫৮ রানের সময়। নবম উইকেট জুটিতে অশ্বিনকে ভালোই সঙ্গ দেন ইশান্ত শর্ম। মূলত এই জুটিই ভারতকে রক্ষা করে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে।পঞ্চম দিন সকালে মাত্র আট মিনিট স্থায়ী হয় ভারতের ইনিংস। লিড তখন মাত্র ৪০ রানের। খুব তাড়াতাড়িই ওঝাকে ফিরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। উইকেটের অপরপ্রান্তে ৯১ রান করে অপরাজিত থাকেন অশ্বিন।ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দুই পেসার স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসন। তাঁরা দুজনই দখলে নিয়েছেন ৩টি করে উইকেট। গ্রায়েম সোয়ান ২টি এবং মন্টি পানেসার ১টি উইকেট নিয়ে ভারতের ইনিংসের বাকি সর্বনাশটা করেন।৪১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। অশ্বিন আর ওঝার ঘূর্ণিতে ইডেনে শুরু হয় নাটক। ফিরে যান ইংল্যান্ডের তিন ইনফর্ম ব্যাটসম্যান অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট ও কেভিন পিটারসেন। শেষ পর্যন্ত নিক কম্পটন ও ইয়ান বেলের প্রতিরোধ নাটকের সমাপ্তি টেনে ইংল্যান্ডকে তুলে দেয় জয়ের মঞ্চে। সূত্র: রয়টার্স।সংক্ষিপ্ত স্কোরভারত ৩১৬ (প্রথম ইনিংস)শচীন টেন্ডুলকার ৭৬, গৌতম গম্ভীর ৬০, ধোনি ৫২অ্যান্ডারসন ৩/৮৯, পানেসার ৪/৯০ইংল্যান্ড ৫২৩ (প্রথম ইনিংস)কুক ১৯০, কম্পটন ৫৭, ট্রট ৮৭, পিটারসেন ৫৪অশ্বিন ৩/১৮৩, ওঝা ৪/১৪২ভারত ২৪৭ (দ্বিতীয় ইনিংস)অশ্বিন ৯১অ্যান্ডারসন ৩/৩৮, ফিন ৩/৪৫ইংল্যান্ড ৪১/৩ (দ্বিতীয় ইনিংস)ইয়ান বেল ২৮অশ্বিন ২/৩১(ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী)