ভারতের আরেকটি সিরিজ জয়
জয় দিয়েই বছরটা শেষ করল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। চেন্নাইয়ে শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আরেকটি ওয়ানডে সিরিজ জিতল দলটি। দেশের মাটিতে ঠিক আগের সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করা ভারতীয়রা ক্যারিবীয়দের হারাল ৪-১ ব্যবধানে। বিশ্বকাপের বাইরে তিনটি দ্বিপাক্ষিক সিরিজ জেতা ভারত এ বছর ৩৪টি ওয়ানডের ২১টিতে জিতেছে। যদিও তাদের বছর শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ও সিরিজ হার দিয়েই।পরশুর আনুষ্ঠানিকতার ম্যাচটিকে উঠতি ক্রিকেটাররা নিয়েছিলেন নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে। প্রথম সেঞ্চুরি করে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করার দাবিটা জানিয়েছেন মনোজ তিওয়ারি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধরা সেঞ্চুরির দেখা পেয়েছেন কাইরন পোলার্ড। ৭৮ রানে ৫ উইকেট হারানো সফরকারীদের জয়েরই স্বপ্ন দেখিয়েছিলেন। আন্দ্রে রাসেলকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৮৯ রানের জুটি গড়েন চার ও ছয়ের ফুলঝুরিতে। পোলার্ডের ১১০ বলে করা ১১৯ রানের ইনিংসটিতে ছিল ১০টি ছক্কা। শেষে জয়ে উচ্ছ্বসিত হলেও ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক গৌতম গম্ভীরের ভয়টা ছিল ওই পোলার্ডকে নিয়েই, ‘আমরা জানি, নিজের দিনে পোলার্ড কী করতে পারে। তবে কৃতিত্বটা বোলারদেরই দিতে হবে, ওরা নিজেদের মতোই বল করেছে। শেষ পর্যন্ত এটা এক বলেরই ব্যাপার। যে বলগুলো সে মাঝ ব্যাটে খেলেছে, প্রতিটিই মাঠের বাইরে উড়ে গেছে। তবে বোলাররা লাইন-লেংথ ভোলেনি।’প্রথম ওয়ানডে সেঞ্চুরি পোলার্ডকে আশা জোগাচ্ছে আরও ধারাবাহিক হওয়ার, ‘আশা করছি, আমি আরও ধারাবাহিক হব। ঈশ্বরকে ধন্যবাদ, প্রথম সেঞ্চুরিটা পেয়েছি। দলকে জেতাতে চেয়েছিলাম, কিন্তু হলো না।’পোলার্ডের প্রশংসা ঝরেছে অধিনায়ক ড্যারেন স্যামির কণ্ঠেও। এএফপি।