ভারতের ইনিংস পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেঞ্চুরিয়ন টেস্টে শেষ পর্যন্ত ভারতের প্রাপ্তি বলতে থাকল শুধু টেন্ডুলকারের ৫০তম টেস্ট সেঞ্চুরি উদযাপনের ঐতিহাসিক মুহূর্তটিই। ড্র করে ম্যাচ বাঁচানো তো অনেক পরের কথা, অনেক চেষ্টাতেও ইনিংস পরাজয়ই এড়াতে পারল না সফরকারীরা। ভারতকে ইনিংস ও ২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার অজেয় দূর্গ জয়ের লড়াইয়ে প্রথমেই হোঁচট খেল ভারত।গতকাল টেস্টে চতুর্থ দিনেই ভারতের আটটি উইকেট তুলে নিয়ে জয় অনেকখানিই নিশ্চিত করে রেখেছিলেন প্রোটিয়াস বোলাররা। ইনিংস পরাজয় এড়াতে তখনও তাদের প্রয়োজন ছিল ৩০ রান। দিনশেষে টেন্ডুলকার তখনো অপরাজিত ছিলেন বলে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন যে ইনিংস পরাজয়টা হয়তো এড়ানো যাবে। টেন্ডুলকার শেষ পর্যন্ত উইকেটে ছিলেনও। কিন্তু আর কেউই তাকে সঙ্গ দিতে পারেন নি। আজ পঞ্চম ও শেষ দিনে ভারতীয় স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ৫ রান। দক্ষিণ আফ্রিকাকে করতে হয়েছে মাত্র পাঁচ ওভার চার বল। দিনের তৃতীয় ওভারেই শ্রীশান্তকে সাজঘরমুখী করেছেন অ্যালবি মরকেল। দুই ওভার পরে ডেল স্টেইনের গোলা সামলাতে পারেন নি অভিষিক্ত তরুণ পেসার জয়দেব উনাডকট। কিছু বুঝে ওঠার আগেই বল ব্যাটের কানায় লেগে চলে গেছে গালিতে দাঁড়ানো অ্যাশওয়েল প্রিন্সের হাতে। অপরপ্রান্তে দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না টেন্ডুলকারের। শেষপর্যন্ত লিটল মাস্টার অপরাজিত ছিলেন ১১১ রানে।বহু আকাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরিটির পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে দুইটি উইকেট শিকার করায় ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে জ্যাক ক্যালিসের হাতে।সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, ডারবানে।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৫ রানে জয়ীভারত (প্রথম ইনিংস): ১৩৬; শচীন টেন্ডুলকার ৩৬, মহেন্দ্র সিং ধোনী ৩৩। মরকেল ১২.৪-৫-২০-৫, ডেল স্টেইন ১০-১-৩৪-৪দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ৬২০; জ্যাক ক্যালিস ২০১*, হাশিম আমলা ১৪০, ডি ভিলিয়ার্স ১২৯। ইশান্ত শর্মা ২৭.১-২-১২০-২, হরভজন সিং ৩৬-২-১৬৯-২ভারত (দ্বিতীয় ইনিংস): ৪৫৯; শচীন টেন্ডুলকার ১১১*, মহেন্দ্র সিং ধোনি ৯০। ডেল স্টেইন ৩০.১-৬-১০৫-৪, পল হ্যারিস ৩০-৫-৮৮-২