ভারতের এ অবস্থার জন্য দায়ী ‘আইপিএল’: রানাতুঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতি গর্তে পড়লে অনেকেই তাঁকে আঘাত করতে উদ্যত হয়। ভারতকে যদি হাতি হিসেবে ধরা হয়, তাহলে তারা এখন আক্ষরিক অর্থেই গর্তে পড়ে গেছে। আঘাতটা তাই চারদিক থেকেই আসছে। তবে এবার কথা দিয়ে ভারতকে বেশ বড় ধরনের আঘাতই দিলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ক্রিকেট কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৪-০-তে ধবলধোলাই হয়ে টেস্টের এক নম্বর স্থান হারানো ভারতের এ ব্যর্থতার জন্য তিনি দায়ী করেছেন আইপিএলকে।২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, রানাতুঙ্গা তখন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি। তিনি সে সময় লঙ্কান ক্রিকেটারদের আইপিএলের বদলে ইংল্যান্ড সফরে মনোনিবেশ করতে বলেছিলেন। কিন্তু ক্রিকেটারদের দাবি ও শ্রীলঙ্কার কিছু প্রভাবশালী রাজনীতিকের চাপে তিনি ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন। আইপিএল বিরোধিতার কারণেই তিনি শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতির পদ হারিয়েছিলেন কি না, তা অবশ্য প্রমাণসাপেক্ষ। আইপিএলের ওপর পুরোনো একটা রাগ রানাতুঙ্গার আছেই। তবে, এ ক্ষেত্রে ভারতের ব্যর্থতার কারণ হিসেবে আইপিএলের কথা বলতে গিয়ে তিনি নিখাদ ক্রিকেটীয় দৃষ্টিকোণেরই আশ্রয় নিয়েছেন।রানাতুঙ্গা বলেছেন, ‘বিশ্বকাপের সময়ই ভারতের কিছু খেলোয়াড় ইনজুরিতে ছিলেন। বিশ্বকাপ জিতে তাদের উচিত ছিল আইপিএল খেলে ইনজুরি আরও না বাড়িয়ে সুষ্ঠু চিকিত্সার মাধ্যমে ইংল্যান্ড সফরের জন্য নিজেদের প্রস্তুত করা। এর আগে তাদের অনেকেরই উচিত ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে অংশ নেওয়া। কিন্তু, তারা আইপিএলের পয়সার আকর্ষণে ইনজুরি চেপে সেখানে খেলেছে।’ তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় ক্রিকেটারদের ব্যাটিং দেখে মনে হয়েছে তারা তাদের আইপিএল অভ্যাস ছাড়তে পারেননি। ইংলিশ কন্ডিশনের জন্য ক্রিকেটারদের যে আলাদা প্রস্তুতির দরকার, তার কিছুই ভারতীয় ক্রিকেটারদের ছিল না।’রানাতুঙ্গা এসব ব্যাপারের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকেও দায়ী করেন। তাঁর মতে, ‘বিসিসিআই দায়ী এই কারণে যে তারা এসব অনাচার মেনে নিয়েছে নিজেদের স্বার্থেই।’ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রাহুল দ্রাবিড়ই এবারের ইংল্যান্ড সিরিজে ছিলেন ব্যতিক্রম। তিনি তিনটি সেঞ্চুরি করে তাঁর সামর্থ্যের প্রমাণ রেখেছেন দারুণভাবে। রাহুল সম্পর্কে রানাতুঙ্গার বক্তব্য হচ্ছে, ‘রাহুলের দিকে তাঁকিয়ে দেখুন। সে কিন্তু আইপিএলে খেলেনি। ইংল্যান্ড সফরের জন্য তাঁর প্রস্তুতিটাও ছিল দারুণ। সে ভারতীয় ক্রিকেটারদের ব্যর্থতার মধ্যে আশ্চর্য এক ব্যতিক্রম।’ পিটিআই।