ভারতের একাদশ নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত ভারতের একাদশ নির্বাচনে কখনো হস্তক্ষেপ করেন না। এ কাজ তিনি অনেক আগেই ছেড়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের ওপর। কিন্তু, এবার সেই শ্রীকান্তই হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন একাদশ নির্বাচনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগে তিনি এ ব্যাপারে আলোচনায় বসেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। সেখানে নাকি শ্রীকান্ত পীযূষ চাওলার পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর জন্য ধোনিকে পরামর্শ দিয়েছেন। আর একাদশ নিয়ে অতিরিক্ত একগুঁয়েমির জন্য ধোনিকে কিছুটা তিরস্কারও করেছেন।আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ভারতীয় দলের টিম হোটেলে গিয়ে প্রধান নির্বাচক শ্রীকান্ত অধিনায়ক ধোনির সঙ্গে দেখা করেন। তাঁরা অনেকক্ষণ দলের একাদশ নিয়ে আলাপ-আলোচনা করেন। যদিও বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এড়িয়ে গেছেন শ্রীকান্ত। তার পরও খবরে প্রকাশ, তিনি নাকি ধোনিকে পীযূষ চাওলা সম্পর্কে তাঁর আপত্তির কথা জানিয়ে অশ্বিনকে একাদশে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। প্রধান নির্বাচকের মতে, পীযূষ যথেষ্ট সুযোগ পেয়েও নিজের কার্যকারিতা প্রমাণ করতে পারেননি। তাই অশ্বিনকে শেষ ম্যাচে সুযোগ দেওয়া উচিত। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, ধোনিকে একাদশ পরিবর্তন করার ব্যাপারে পরামর্শ দিলেও শ্রীকান্ত নাকি চূড়ান্ত সিদ্ধান্ত ধোনির ওপরেই ছেড়ে দিয়েছেন।এদিকে বিশ্বকাপে বিরাট কোহলির কাছে জায়গা হারানো সুরেশ রায়নার আগামী ম্যাচে খেলার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তবে, তিনি কোন ব্যাটসম্যানের জায়গায় খেলবেন, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি। রায়না নাকি তাঁর ঘনিষ্ঠজনদের বলেছেন, টিম ম্যানেজমেন্ট তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণের কথা বলেছেন।