ভারতের ওয়ানডে দলে টেন্ডুলকার
বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম আবার ভারতের হয়ে রঙিন পোশাকে দেখা যাবে শচীন টেন্ডুলকারকে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষে ত্রিদেশীয় সিরিজে খেলবেন ওয়ানডের সর্বোচ্চ রান স্কোরার। অবশ্য বড় কোনো চমক হয়ে আসেনি এই সিদ্ধান্ত। বিশ্বকাপের পর ভারত ২০টি ওয়ানডে খেলেছে, কিন্তু বিশ্রাম ও চোট মিলিয়ে খেলা হয়নি টেন্ডুলকারের। তবে আগে থেকেই শোনা যাচ্ছিল, খেলবেন ত্রিদেশীয় সিরিজে। অস্ট্রেলিয়ার এই ত্রিদেশীয় সিরিজের আলাদা একটা আবেদন আছে, এর চেয়েও বড় কারণ হয়তো শততম সেঞ্চুরিটা করে ফেলা। এই বোঝাটা নিয়ে নিশ্চয়ই দেশে ফিরতে চান না টেন্ডুলকার। অ্যাডিলেড টেস্টেও যদি না হয়, তাহলে এই লম্বা ত্রিদেশীয় সিরিজেই...।বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলবেন জহির খানও। চোটের কারণে টেস্ট সিরিজে না খেলা পেসার প্রাভিন কুমার ফিরেছেন দলে। দুই বছর পর দলে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুটি ম্যাচ খেলা ইরফান পাঠান টিকে গেছেন দলে। দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন লেগ স্পিনার রাহুল শর্মা, হরভজন সিংয়ের তাই ফেরা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে টিকে গেছেন মনোজ তিওয়ারি, টেস্ট সিরিজ শেষে তাই দেশে ফিরতে হচ্ছে অজিঙ্কা রাহানেকে। আগামী ১ ও ৩ ফেব্রুয়ারি দুটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া-ভারত। শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু ৫ ফেব্রুয়ারি। ওয়েবসাইট।ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মনোজ তিওয়ারি, পার্থিব প্যাটেল, জহির খান, উমেশ যাদব, ইরফান পাঠান, বিনয় কুমার, প্রাভিন কুমার, রাহুল শর্মা, রবিচন্দ্রন অশ্বিন।