ভারতের কাছে জিম্মি ক্রিকেট বিশ্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুর পাল্টে ফেলেছেন সৌরভ গাঙ্গুলীও। এর আগে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) পক্ষে বললেও এখন বলছেন, এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অবস্থানটাই সঠিক। তার মানে, ডিআরএসের পক্ষে ভারত থেকে আপাতত উচ্চকণ্ঠ কেউই নন।সাবেক টেস্ট আম্পায়ার ড্যারিল হারপারের দৃষ্টিতে ডিআরএসের ব্যাপারে ভারতের এই অবস্থান পুরো ক্রিকেট বিশ্বকে জিম্মি করে ফেলার মতো। অন্যান্য টেস্ট দলগুলো চাইলেও তাই ‘দুর্বল’ আইসিসি পারছে না এটাকে বাধ্যতামূলক করতে। ‘আইসিসির কোনো নিয়ন্ত্রণ নেই। অন্য দেশগুলোও জিম্মি হয়ে পড়েছে। এখন রাস্তার মানুষও জিজ্ঞেস করে, আইসিসি কীভাবে এটা চলতে দিচ্ছে’—বলেছেন গত জুনে অবসরে চলে যাওয়া হারপার।ভারতের দাবি, ডিআরএস পদ্ধতি পুরোপুরি নিশ্ছিদ্র নয়। সে কারণেই এটার পক্ষে নয় তারা। হারপারের পাল্টা জবাব, ‘প্রযুক্তি কখনোই শতভাগ নিখুঁত নয়, হতেও পারে না। তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে এক ধাপ এগোনো তো গেল।’হারপারের আম্পায়ারিং ক্যারিয়ার শেষ হওয়ার সঙ্গেও আছে ভারতের যোগসূত্র। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জ্যামাইকা টেস্টে কিছু ভুল সিদ্ধান্তের অভিযোগ তুলে হারপারের সমালোচনা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা করার পরও আইসিসি ধোনির ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিমানে পরের টেস্ট থেকে সরে দাঁড়ান হারপার, নিয়ে ফেলেন অবসরই।ওই সফরে ভারত অধিনায়কের সঙ্গে আরও একটি দ্বন্দ্বের কথাও অ্যাডিলেড নাও পত্রিকাকে বলেছেন হারপার। সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট ভারতীয়দের অতিরিক্ত আপিল করা নিয়ে আগাম উদ্বেগ প্রকাশ করেছিল আম্পায়ারদের কাছে। তাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে প্রথম টেস্টেই। ‘একটা ব্যাড-প্যাড ক্যাচের দাবি জানিয়ে এক ফিল্ডার আমার সহকর্মী (লেগ আম্পায়ার) ইয়ান গোল্ডের দিকে অন্তত ১৩ মিটার দৌড়ে আসে। আমি ধোনিকে সতর্ক করে দিয়ে বলি, দলের আচরণের দায় তারও। কিন্তু ধোনি সেটা মানতে চায়নি’—স্মৃতি হাতড়ে বলেছেন হারপার। ওয়েবসাইট।