প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তাই কলম্বোতে দ্বিতীয় সাফ মহিলা ফুটবলের প্রথম ম্যাচে হার এড়ানো যায়নি। কক্সবাজারে ২০১০ সালে প্রথম মহিলা সাফ ফুটবলে ভারতের কাছে ৬-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে তুলনায় এবার ব্যবধান ৩-০ রাখতে পারা বাংলাদেশের মেয়েদের জন্য কৃতিত্বই। ভারত এই টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে কাল ৬৫ মিনিট পর্যন্ত গোলপোস্ট অক্ষত রাখতে পেরেছিল বাংলাদেশ। পর পরই ভারতকে এগিয়ে নেন কমলা দেবী। ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান বেমবেম দেবী। অতিরিক্ত সময়ে আলোচানা সেনাপতি তৃতীয় গোলটা করে হতাশায় ডোবান বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশ সময় সকাল নয়টায় শুরু হয়েছিল ম্যাচ। ১৫ মিনিট চলার পরই নামে বৃষ্টি। আর থামার নাম ছিল না। ৫০ মিনিট অপেক্ষা শেষে ম্যাচ শুরু। তবে মাঠ ছিল খেলার অনেকটাই অনুপযোগী। বাফুফে থেকে জানানো হয়েছে, প্রথমার্থে বেশ ভালো খেলেছে বাংলাদেশ। সাবিনা খাতুন, সুইনু, মিরনানা তিন-চারটি সহজ সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবার বৃষ্টির হামলা। একই সঙ্গে বাংলাদেশের মেয়েদের উদ্যম কমতে থাকে। সেই সুযোগই নিয়েছেন ভারতের মেয়েরা। বাংলাদেশ দল আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলবে ভুটানের সঙ্গে।