ভারতের কাছেও হারল বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অধিনায়ক মিথালি রাজ করেছেন অপরাজিত ৫৫। ছবি: আইসিসি
ভারতের অধিনায়ক মিথালি রাজ করেছেন অপরাজিত ৫৫। ছবি: আইসিসি

পাকিস্তানের কাছে হারের পর আজ ভারতের বিপক্ষেও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১৬ রানে হেরেছে সালমার দল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ছুড়ে দেওয়া ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছে ৮৫ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের নারী ক্রিকেট দল। মাত্র ৩ রানের মাথায় বাংলাদেশের জাহানারা আলম বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান ওপেনার লতিকা কুমারীকে। এরপর অবশ্য আর সাফল্যের দেখা পাননি সালমারা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১০১। সর্বোচ্চ অপরাজিত ৫৫ করেন ভারতের অধিনায়ক মিথালি রাজ। আরেক ব্যাটসম্যান পুনম রাউত অপরাজিত ছিলেন ৪২ করে।
১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পড়ে বাংলাদেশ দলের। ধ্বংসস্তূপের মধ্যেই সর্বোচ্চ ২১ করেন রুমানা আহমেদ। বাংলাদেশের মূল ‘হন্তারক’ ভারতের শ্রাবন্তী কৃষ্ণমূর্তি। শ্রাবন্তীর ঝুলিতে পড়েছে সর্বোচ্চ ৪ উইকেট। ম্যাচ সেরাও তিনি।
একই মাঠে ভারতের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি হবে আগামী মঙ্গলবার। এ ছাড়া ১৫ মার্চ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিও রয়েছে সালমাদের।