ভারতের কিউই-লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার বিতরণী মঞ্চে ধোনিরা যেন একেকজন পাথুরে মূর্তি। হয়তো নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন প্রতিপক্ষ নিউজিল্যান্ড খেলোয়াড়দের খুনসুটি, হাসি-তামাশা। ৪-০-তে সিরিজ হারার পর প্রতিপক্ষের আনন্দ দেখে ভেতরে ভেতরে দগ্ধ হওয়া ছাড়া আর কী করার আছে!  এএফপি
পুরস্কার বিতরণী মঞ্চে ধোনিরা যেন একেকজন পাথুরে মূর্তি। হয়তো নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন প্রতিপক্ষ নিউজিল্যান্ড খেলোয়াড়দের খুনসুটি, হাসি-তামাশা। ৪-০-তে সিরিজ হারার পর প্রতিপক্ষের আনন্দ দেখে ভেতরে ভেতরে দগ্ধ হওয়া ছাড়া আর কী করার আছে! এএফপি

অর্থ আর ক্ষমতার দাপট দেখিয়ে বিশ্ব ক্রিকেটে জমিদারি প্রতিষ্ঠার কাছাকাছি পৌঁছে গেছে ভারত। কিন্তু মাঠের ক্রিকেটে তো এই দাপট খাটানো সম্ভব নয়। দাপট না খাটলে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির তফাত সামান্যই। আর এই মাঠের লড়াইটা যখন হয় দেশের বাইরের সিমিং বা বাউন্সি পিচে, নিরীহ প্রজা হয়ে পড়ে ভারত। কাল ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড ভারতকে ৮৭ রানে হারিয়ে যেন বলল, তোমরা এখন এক নিরন্ন প্রজা!
পাঁচ ওয়ানডের চারটিতেই অসহায় আত্মসমর্পণ, একটি ‘টাই’ করা গেছে। তাই ‘ধবলধোলাই’ হতে হয়নি। কিন্তু যে মুহূর্তে শ্রীনিবাসনরা বিশ্ব ক্রিকেটের শাসনদণ্ড হাতে তোলার নীলনকশা বাস্তবায়নে ব্যস্ত, ৪-০ স্কোরলাইনটা কি তখন ভারতকে মুখ ভেংচি দেয় না? এমন একটা দল তাদের বিপক্ষে ৪-০ করল যারা দু-দুবার ধবলধোলাই হয়ে ফিরেছে বাংলাদেশের কাছে! ভারত অবশ্য বলতে পারে, উপমহাদেশের কন্ডিশনে আমরাও কিউইদের ধবলধোলাই করেছি!
ওটা এখন দূর অতীতের স্মৃতি। বিশ্বের এক নম্বর ওয়ানডে দল হিসেবে নিউজিল্যান্ডে পা রাখা ভারত তো কাল খেলল সম্মান বাঁচাতে। কিন্তু সম্মান আর বাঁচল কই? একমাত্র টস জেতা ছাড়া কোনো কিছুই পক্ষে যায়নি দলটির। ইনিংসের শুরুতে কিছুটা আড়ষ্ট থাকলেও নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে তুলে ফেলল ৩০৩ রান। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন রস টেলর, কেন উইলিয়ামসন পাঁচ ম্যাচেই ফিফটি করলেন। এরপর কিউই পেসারদের হাতে নাজেহাল হয়ে ২১৬ রানেই অলআউট ভারত। টানা ৮ ওয়ানডেতে জয়হীন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা!
চতুর্থ ম্যাচে হারের পর বোলারদের ‘মাথা খাটাতে’ বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতে মনে হলো অধিনায়কের কথা শিরোধার্য করেছেন বোলাররা। নতুন বলের দুই বোলার মোহাম্মদ সামি ও ভুবনেশ্বর কুমারের প্রথম ৫ ওভার থেকে আসে মাত্র ১০ রান। ১৩ ওভারের মধ্যে ৪১ রান তুলতেই নেই দুই ওপেনার জেসি রাইডার ও মার্টিন গাপটিলও। এরপরই জুটি বাঁধলেন ফর্মে থাকা দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও টেলর। সিরিজে তৃতীয় সেঞ্চুরি জুটি (১৫২) গড়ার পরই আউট হয়েছেন উইলিয়ামসন। সেঞ্চুরি পাননি, তবে ৮৮ রান করার পথেই দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান। ৭২.২০ গড়ে ৩৬১ রান করেছেন উইলিয়ামসন। পেছনে ফেলেছেন নাথান অ্যাস্টলের ৩৫১ রানের রেকর্ডকে। এই সিরিজেই ৩৪৩ রান করে তিনে টেলর।
সিরিজে দ্বিতীয়বারের মতো ৩০০ রান তাড়া করা ভারত ৩০ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট, ২৪তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রাইডু যখন ফেরেন দলটির রান মাত্র ৭৮। এরপর বিরাট কোহলি (৭৮ বলে ৮২) চেষ্টা করলেও ভারত হেরেছে বড় ব্যবধানেই। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার অভিষিক্ত পেসার ম্যাট হেনরি। তথ্যসূত্র: ক্রিকইনফো, এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩০৩/৫ (গাপটিল ১৬, রাইডার ১৭, উইলিয়ামসন ৮৮, টেলর ১০২, ব্রেন্ডন ম্যাককালাম ২৩, নিশাম ৩৪*, রনকি ১১*; সামি ১/৬১, ভুবনেশ্বর ১/৪৮, অ্যারন ২/৬০, অশ্বিন ০/৩৭, জাদেজা ০/৫৪, কোহলি ১/৩৬)। ভারত: ৪৯.৪ ওভারে ২১৬ (রোহিত ৪, ধাওয়ান ৯, কোহলি ৮২, রাহানে ২, রাইডু ২০, ধোনি ৪৭, অশ্বিন ৭, জাদেজা ৫, ভুবনেশ্বর ২০, সামি ১৪*, অ্যারন ০; মিলস ২/৩৫, ম্যাকলেনাহান ০/৪৫, হেনরি ৪/৩৮, নিশাম ১/৪৫, নাথান ম্যাককালাম ১/৩৩, উইলিয়ামসন ২/১৯)।
ফল: নিউজিল্যান্ড ৮৭ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ নিউজিল্যান্ড ৪-০-তে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রস টেলর।