
সময় এখন সেমিফাইনালের। ঢাকায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ফর্মে থাকা ভারত। দারুণ একটা ম্যাচ দেখার আশায় সবাই। সেমিফাইনাল এমনিতেই বড় ম্যাচ, তার ওপর খেলছে অন্যতম সেরা দুটি দল। আজকের কন্ডিশনটা ভারতের খুব ভালোই চেনা, তবে চট্টগ্রামে অপেক্ষাকৃত ভালো ব্যাটিং কন্ডিশনে নিজেদের সব ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার জন্য এটা একটু অপরিচিতই। টুর্নামেন্টে ভারত এখন পর্যন্ত অসাধারণ খেলেছে। স্পিননির্ভর বোলিং আক্রমণটাও আছে ফর্মের তুঙ্গে। প্রতিপক্ষের ওপর তারা যেভাবে আধিপত্য দেখাচ্ছে সেটা ভারতীয় সমর্থকদের মনে নতুন আশা সঞ্চার করেছে।
তবে আমি নিশ্চিত, ধোনি এটা বোঝে যে সেমিফাইনাল পুরোপুরিই অন্য একটা ব্যাপার, গ্রুপ পর্বের কোনো কিছুই এখানে প্রভাব ফেলে না। অন্যদিকে বড় সেমিফাইনালগুলোয় তার অধিনায়কত্বের রেকর্ড দুর্দান্ত। এ ব্যাপারটা আজকের বড় ম্যাচে তাকে সাহায্য করবে। এ মুহূর্তে দলটির কোনো দুর্বলতা চোখে পড়ছে না। আশা করছি, এটাই তাদের বড় ম্যাচটিতে উতরে দেবে। দলে কোনো পরিবর্তন আনারও প্রয়োজন দেখছি না, এ নিয়ে অধিনায়কেরও উদ্বেগের কিছু নেই। যুবরাজকে নিয়ে সামান্য শঙ্কা থাকলেও মাত্রই ফর্মে ফেরা এই ব্যাটসম্যানকে এত বড় একটা ম্যাচে বাইরে থাকতে চাইবে না বলেই বিশ্বাস। এ ছাড়া দলে তার উপস্থিতিও গুরুত্বপূর্ণ, কারণ সে যখন বল মারতে শুরু করে তখন ম্যাচটা প্রতিপক্ষের হাত থেকে ছিটকে যায়। সেদিন অস্ট্রেলিয়ার সঙ্গেই তো সে করে দেখাল।
সবাই বলছে দক্ষিণ আফ্রিকা মিরপুরের পিচে প্রথম খেলছে। মাঝেমধ্যে আমার মনে হয় খুব বেশি তথ্যও কোনো দলের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। দলগুলো প্রতি ম্যাচেই একইভাবে খেলে, এতে খেলার মজাটাও নষ্ট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার দরকার সঠিক সমন্বয়টা বেছে নেওয়া। তারা অস্ট্রেলীয়দের পথে হাঁটলে ভারত ম্যাচটা নিয়ে নেবে। কন্ডিশনটাকে ঠিকমতো কাজে লাগাতে তাদের উচিত হবে ফাঙ্গিসোর মতো একজন অতিরিক্ত স্পিনার খেলানো। এই পিচে সঠিক সমন্বয়টা গুরুত্বপূর্ণ। স্পিনারদের বিপক্ষে ভারতীয়রা ভালো খেলে এই ধারণা এই পিচে খাটবে না।
আমলা, ডি কক, ডি ভিলিয়ার্স—ভালো ভালো ব্যাটসম্যান দলটিতে। অন্যদেরও উপমহাদেশে খেলার অভিজ্ঞতা আছে, এত এত বিপজ্জনক খেলোয়াড় নিয়ে দলটির ব্যাটিং বেশ শক্তিশালী। ভারতকে স্টেইনকেও ভালোভাবে সামলাতে হবে। এই টুর্নামেন্টে সে দারুণ ছন্দে আছে, দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের নেতৃত্ব দেবে সে-ই। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে চাপের মুখে তার বোলিং এককথায় অসাধারণ ছিল। এটাই সে আবার করে দেখাতে চাইবে।
এই ম্যাচে ইতিহাস ভারতের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে চারটি ম্যাচ খেলে তিনবারই জয়ী ভারত। পরিস্থিতি হয়তো তখন ভিন্ন ছিল, ছিল গ্রুপ পর্বের ম্যাচ। কিন্তু এবার টুর্নামেন্টে ভারত এ পর্যন্ত যা খেলেছে নিজেদের নিয়ে তারা আশাবাদী হতেই পারে।