ভারতের চেয়েও এখানে চাপ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বিশ্বকাপের উত্তাপটা টের পেতে শুরু করেছি আমরা। আট দিনের ব্যবধানে তিনটি ম্যাচ। দারুণ! অবশেষে দুর্দান্ত গতিতে এগোনোর সুযোগ এসে গেল আমাদের সামনে।ভারতের খেলোয়াড়দের ওপর সমর্থকদের বিপুল প্রত্যাশার চাপের কথাটা অনেকেই বলে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের বেলায়ও যে এটি থাকে, তা কেউ বলে না। আমার তো মনে হয়, নানাভাবেই এই দেশে সাকিবদের ওপর চাপটা আরও বেশি।কোনো সন্দেহ নেই, আবহটা থাকবে অবিস্মরণীয়। নকআউট পর্বে যেতে স্বাগতিক বাংলাদেশকে আজকের ম্যাচটি জিততেই হবে। তাদের সমর্থকেরা আশা-প্রত্যাশার ঘোরে থাকবে উন্মত্ত। প্রতিটি বলেই তারা যেন নিঃশ্বাস ফেলবে। প্রতিটি রান, প্রতিটি ডট বলের জন্য তারা হাতে তালি দেবে, যেন এটা হলেই তারা ম্যাচ জিতে যায়।বিশ্বকাপ আয়োজক কমিটি ও নিরাপত্তাব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তবে মিথ্যা বলা হবে, যদি বলি বাংলাদেশের বিপক্ষে ফল গেলে কিছু দর্শকের অশান্ত হয়ে ওঠার আশঙ্কা নিয়ে আমি মোটেও ভাবিনি।মাঠে ২০ হাজার দর্শক থাকবে। স্টেডিয়ামের বাইরে রাস্তায় থাকবে আরও ২-৩ লাখ মানুষ। তখন এটি ভিন্ন মাত্রা যোগ করবেই। আমরা শুনেছি, হেরে যাওয়ার পর ইংল্যান্ড দল চার ঘণ্টা পরও স্টেডিয়াম ছেড়ে যেতে পারেনি। ঈশ্বরই ভালো জানেন, অ্যান্ড্রু স্ট্রাউসরা জিতে গেলে তাদের কত ঘণ্টা স্টেডিয়ামে আটকে থাকতে হতো। আমার মনে হয়, ইংলিশ সমর্থকেরা এই প্রথম দক্ষিণ আফ্রিকার জয়ে উল্লসিত হতে চাইবে। বাংলাদেশ ও ইংল্যান্ডের ভাগ্য অনেকটাই জড়িয়ে আছে এই ম্যাচের সঙ্গে। তবে এসব আমাদের প্রস্তুতিতে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। নির্মম সত্যটা হলো, পেশাদার ক্রিকেট বড় কঠিন ও ক্ষমাহীন। সুতরাং এখানে যতটা সম্ভব নিজের ভাগ্য নিজের হাতেই গড়ে নিতে হয়।ভারতের কাছে হেরে গেলে কোয়ার্টার ফাইনালে যেতে আমাদেরও ঘাম ছুটে যেত। আমরা জানি, ওই মুহূর্তটা কেমন। তবে আমরা খুবই খুশি, এ মুহূর্তে আমাদের চিন্তার কিছু নেই।অন্য দলের জন্য জেতা বা হারার পরিণতি নিয়ে ভাবার সময় আমাদের নেই। এ নিয়ে কোনো কথাও হয়নি। আমি বিস্মিত হব না যদি দেখি গ্রুপের অন্য দলগুলোর সম্ভাবনা-সমীকরণ সম্পর্কে এই দলের অর্ধেকেরই কোনো ধারণা নেই। তারা হয়তো শুধু এটাই জানে যে, পরের রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে এ ম্যাচ জিততেই হবে। আশা করি, বিশ্রাম নিতে বাধ্য হয়ে ইমরান তাহির আবার ফিট থাকবে এবং এবির (ডি ভিলিয়ার্স) পিঠের আড়ষ্টতা কেটে যাবে, আর ১৫ জনের দল থেকে সেরা একাদশ বেছে নেওয়ার সুযোগ থাকবে আমাদের। বেশির ভাগ লোক আজ আমাদের পক্ষেই বাজি ধরবে। তবে আমরা জানি, ঢাকায় জেতা কতটা কঠিন। এখানে খেলা আমাদের আগের ম্যাচগুলোর স্কোর কার্ডগুলোর দিকে তাকালেই বুঝবেন, কতটা ঘাম আমাদের ঝরাতে হয়েছে।