ভারতের জন্য অপেক্ষা
বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ দলের চট্টগ্রামের মাটিতে পা পড়েছে আগের দিন। কাল ইট-বালু-পাথরের আস্ত একটা বাঘ এনে বসানো হলো নগরের টাইগার পাস মোড়ে। বাঘের দল এসে পড়েছে না! এটিকে প্রতীকী ভাবতে পারেন। আসলে বিশ্বকাপ সামনে রেখে নগরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যেই এমন আয়োজন সিটি করপোরেশনের। আর বাংলাদেশ দলের লক্ষ্য চট্টগ্রামে ইংল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটির আগে স্থানীয় উইকেট ও মাঠের সঙ্গে সড়গড় হয়ে থাকা।মোহাম্মদ আশরাফুলের চোখে এই দুটি ম্যাচ কোয়ার্টার ফাইনালে যাওয়ার সিঁড়ি হয়ে উঠতে পারে। কিন্তু দলের বোলিং কোচ ইয়ান পন্ট গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে ভাবছেনই না, ‘আমার সামনে শুধু তিনটি ম্যাচ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।’ না, পন্ট মজা করেননি। দলকে নিয়ে আসলেই বড় স্বপ্ন দেখছেন ইংলিশ কোচ। তাঁর স্বপ্নের উৎসমুখে রয়েছে যুক্তিও, ‘কন্ডিশনের কারণেই বাংলাদেশ এগিয়ে। ছয় মাস ধরে দেশের কন্ডিশনে প্রস্তুতি নিচ্ছি। একমাত্র শ্রীলঙ্কা ছাড়া কোনো দেশেরই উপমহাদেশের কন্ডিশনে প্রস্তুতি নেই। আমরা প্রস্তুতিতে ভারতের চেয়েও এগিয়ে রয়েছি।’পন্টের কণ্ঠে যখন আত্মবিশ্বাস ‘খেলা’ করছে, তখন বাংলাদেশ দল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্র্যাকটিস উইকেটে ঝড় তুলছে। মুশফিকুর রহিম ও নাঈম ইসলাম মাঠের মাঝখানের উইকেটে ব্যাটিং প্র্যাকটিসে ব্যস্ত।মাঝপথে আশরাফুল এসে জানান, ‘ইংল্যান্ড আর হল্যান্ডের সঙ্গে এখানে আমাদের দুটি ম্যাচ। এ ছাড়া একটি প্র্যাকটিস ম্যাচও আছে। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এখানে আসা। কারণ এটা মিরপুরের উইকেটের চেয়ে ভিন্ন।’ বিশ্বকাপের ১৬ দিন আগে এই ব্যাটসম্যানের কাছে চট্টগ্রামের উইকেটকে মনে হয়েছে ব্যাটিং-বান্ধব।বিশ্বকাপ এসে গেছে করমর্দনের দূরত্বে, আশরাফুলদের মাথায় শুধু ক্রিকেটই থাকার কথা। তাই বিকেল তিনটা থেকে প্র্যাকটিসে নামা বাংলাদেশ দল ফ্লাডলাইটেও ব্যাট-বলের অনুশীলন চালিয়ে গেল। এটাও দুটি ম্যাচের কথা মাথায় রেখে। তার একটি, ইংল্যান্ড ম্যাচটি হবে রাতের আলোয়।তবে আশরাফুলের কাছে এই দুটি তো বটেই প্রথম রাউন্ডের চারটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ‘বাংলাদেশের মানুষ আর আমাদের আশা আমরা দ্বিতীয় রাউন্ডে খেলব। তাই ছয়টার মধ্যে চারটা ম্যাচই জিততে হবে’—বিশ্বকাপে বাংলাদেশের সর্বাধিক রানের মালিক।এ জন্য তিনি প্রেরণা হিসেবে বাংলাদেশের খেলা সর্বশেষ ৮টি ওয়ানডে। যেখানে সাতটিতেই জিতেছে বাংলাদেশ। আশরাফুল নিজেও ভালো করার প্রেরণা খুঁজছেন আগের বিশ্বকাপগুলোয় নিজের পারফরম্যান্স থেকে।আশরাফুলের কথায় যতটা না আশাবাদ, পন্টের কথায় তার চেয়ে বেশি আত্মবিশ্বাস। ২০০৭ বিশ্বকাপে ভারত-বধের স্মৃতি যেন রক্তে নাচন ধরিয়ে দিয়েছে পন্টের, ‘প্রস্তুতির দিক থেকে ভারতের চেয়ে আমরা এগিয়ে। দলের মনোবল যেকোনো সময়ের চেয়ে বেশি। ভারতকে আমরা আহ্বান জানাই।’এবারও নিজেদের প্রথম ম্যাচ তো বটেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি ভারতের। পন্ট বললেন, ‘দল প্রস্তুত। সমর্থকেরা কি প্রস্তুত?’