ভারতের জন্য লির সমবেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বাইরে ব্রেট লির প্রিয় দেশ সম্ভবত ভারতই। ভারতে এসে আশা ভোঁসলের সঙ্গে গান করেন। ভারতের বাজারে তাঁর গানের অ্যালবাম বের হয়। ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ না হলে সেই লি ক্রিকেটেও ভারতের পক্ষে থাকবেন—এটাই স্বাভাবিক এবং আছেনও। টেস্টে হোয়াইটওয়াশ হওয়া ভারত ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে, এমনটাই আশা অস্ট্রেলিয়ার এই পেসারের।‘ইংল্যান্ড দারুণ খেলেছে। ভারত ৪-০-তে সিরিজ হেরেছে বলে বলতে পারেন তারা তাদের সেরা খেলাটা খেলেনি। তবে বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করে দেখুন—ইংল্যান্ড খুবই ভালো ক্রিকেট খেলেছে, যদিও আমার বিশ্বাস, ভারত ঘুরে দাঁড়াবে’— বলেছেন লি। লির ধারণা, টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের লজ্জা ভারতকে পোড়াবে এবং সেই যন্ত্রণা থেকেই নিজেদের ফিরে পাবে মহেন্দ্র সিং ধোনির দল।এ বছরের শেষ দিকে ভারত চার টেস্টের সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। টেস্ট থেকে অবসর নেওয়া লির বিশ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সিরিজই হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে।ইংল্যান্ড সফরে পেস বোলারদের ইনজুরি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জহির খান প্রথম টেস্টে ১৩ ওভার বোলিং করেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজের বাইরে চলে যান। ইশান্ত শর্মা টেস্ট সিরিজটা শেষ করেছেন ক্লান্ত-বিধ্বস্ত হয়ে। ওয়ানডে সিরিজে তিনি নেই। ফিটনেস তাঁদের জন্য বড় এক সমস্যা। তবে নিজের অভিজ্ঞতা থেকেই জানেন ক্রিকেটে পেস বোলারদের কাজ কতটা কঠিন, ‘ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজ হলো ফাস্ট বোলিং করা। ফিট থাকার জন্য, সামর্থ্য ধরে রাখার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। নিজের শরীর সম্পর্কে জানতে হবে আপনাকে।’ সঙ্গে বোলিংয়ের প্রতি ভালোবাসাটাও জরুরি, ‘কাজটাকে ভালোবাসতে হবে। যেকোনো কাজ উপভোগ করাটাই হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার মধ্যে বিশ্বাস থাকলে যেকোনো কাজই অনেক ভালোভাবে করতে পারবেন। কাজটা উপভোগও করবেন।’ ওয়েবসাইট।