ভারতের তরুণ কাঁধগুলো তৈরি!
দলের দায়িত্ব নিতে তরুণেরা তৈরি। এই বার্তাটা যেন আরও জোরালোভাবে টিম ম্যানেজমেন্টের কানে তুললেন ভারতের তরুণ তুর্কিরা। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং আরও একবার বুঝিয়ে দিল, বয়স কম হলেও দলের ভার বইতে যথেষ্টই চওড়া তাঁদের কাঁধ।শেষ উইকেট জুটিতে রবি রামপল আর কেমার রোচের বিস্ময়কর ব্যাটিং পরশু বিশাখাপত্তনমের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দেয় ২৬৯ রানের পুঁজি। যথেষ্টই চ্যালেঞ্জিং স্কোর। চ্যালেঞ্জটা আরও বড় হয়ে ওঠে ভারত ৮৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলায়। টেন্ডুলকার, যুবরাজ, ধোনিরা নেই। গম্ভীর, শেবাগও আউট। কোহলি-রোহিত শেষ পর্যন্ত ম্যাচটিকেই একপেশে বানিয়ে ফেলেই জিতলেন চ্যালেঞ্জে।দায়িত্বশীল ও পরিণত ব্যাটিং করে এই দুজন চতুর্থ উইকেটে গড়েন ১৬৩ রানের জুটি। ১১ বল বাকি থাকতেই ভারত ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে। কোহলি করেছেন সেঞ্চুরি। ৭১ ম্যাচেই যেটি তাঁর অষ্টম, বিশাখাপত্তনমে টানা দ্বিতীয় সেঞ্চুরি। রোহিত সেঞ্চুরি পাননি, তবে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন ৯০ রানে অপরাজিত থেকে।দুজনের প্রশংসায় পঞ্চমুখ ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগ, ‘ওরা দুজনই অনেক পরিণত ব্যাটিং করেছে, মনে হয়েছে ওরা যেন ২০০ ম্যাচের অভিজ্ঞ। অথচ ওরা দুজন মিলে খেলেছে মাত্রই ৬০-৭০ ম্যাচ।’ আগের ম্যাচে দলকে জয়ের পথ দেখানো ৭২ রানের ইনিংস খেললেও ম্যাচ শেষ করে আসতে পারেননি রোহিত। শেবাগের শংসা বচনে ওই প্রসঙ্গটাও এসেছে, ‘আমি ওদের পারফরম্যান্সে খুবই খুশি। বিশেষ করে রোহিত শর্মার। গতকাল ও আমাদের কাছে প্রতিজ্ঞা করেছিল, ম্যাচটা আমাদের জিতিয়েই ফিরবে। ও সেটাই করেছে। বিরাট কোহলিও দুর্দান্ত ব্যাটিং করেছে।’ এখান থেকেই অস্ট্রেলিয়া সফরের জন্য আত্মবিশ্বাস খুঁজে ফেরা শেবাগের প্রশংসা পেয়েছেন পেসাররাও।ওয়েস্ট ইন্ডিজের ১০ নম্বরে নেমে রামপল খেলেছেন ৮৬ রানের রেকর্ড ইনিংস। কেমার রোচকে নিয়ে গড়েছেন ওয়ানডেতে শেষ উইকেটে তৃতীয় সর্বোচ্চ ৯৯ রানের জুটি। পরাজিত ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি এখান থেকেই খুঁজেছেন অনুপ্রেরণা, ‘শেষ উইকেট জুটি আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। দলের লড়াকু মনোভাবটাই ফুঠে উঠেছে এতে।’ এএফপি।