ভারতের দরকার ১২৪ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি টেস্টে জয়ের জন্য আর ১২৪ রান দরকার ভারতের। আর সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দরকার ৮ উইকেট। ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে আজ তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিক ভারত। টেন্ডুলকার টেস্ট ক্যারিয়ারের ১৫ হাজার রান পূর্ণ করে অপরাজিত আছেন ৩৩ রানে। দ্রাবিড় ব্যাট করছেন ৩০ রান নিয়ে।২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে ঝোড়ো সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেছিলেন ৫১ রান। দশম ওভারে স্যামুয়েলসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান গম্ভীর। প্রথম ইনিংসের মতো এবারও ৫৫ রান করেই আউট হন শেবাগ। তৃতীয় উইকেটে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ দুই রানশিকারী শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়।এর আগে আজ তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। আজ দিনের চতুর্থ ওভারেই ফিদেল এডওয়ার্ডকে আউট করেন ইশান্ত শর্মা। এরপর উইন্ডিজের কোনো ব্যাটসম্যানই বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। স্কোরবোর্ডে মাত্র ৮৪ রান জমা হতেই একে একে ফিরে যান ক্রিক এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস ও কার্লটন বাফ। অষ্টম উইকেটে ৪০ রানের জুটি গড়ে স্কোরটাকে কিছুটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান চন্দরপল ও অধিনায়ক ড্যারেন স্যামি। চন্দরপল ৪৭ রান করে আউট হওয়ার পর শেষদিকে স্যামির ৪২ ও রবি রামপলের ১৮ রানের সুবাদে ১৮০ রানে শেষ হয় উইন্ডিজ ইনিংস। অশ্বিন পেয়েছেন ছয়টি উইকেট।