ভারতের দাদাগিরিতে ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এড কাওয়ান এখন এই প্রশ্ন করতেই পারেন, ‘অভিষেকেই সেঞ্চুরি করার গৌরব থেকে আমাকে বঞ্চিত করা হলো কেন?’ প্রশ্ন তুলতে পারেন মাইক হাসিও, ‘এখন যদি আমাকে দল থেকেই বাদ দেওয়া হয়, যদি এখানেই শেষ হয়ে যায় আমার ক্যারিয়ার, কে নেবে এর দায়?’চলতি মেলবোর্ন টেস্টে কাওয়ান আউট হয়েছেন ৬৮ রান করে, হাসি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। সর্বশেষ সাত ইনিংসে এটি তাঁর তৃতীয় ‘গোল্ডেন ডাক’। দুটো আউট নিয়েই প্রশ্ন আছে। রিপ্লেতে দেখা গেছে, হাসির ব্যাটে বলই লাগেনি। আর কাওয়ানের ব্যাপারে রিপ্লে থেকে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।এই দুটো ঘটনার পর বক্সিং ডে টেস্টের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহারে ভারতের অনাগ্রহের যৌক্তিকতা নিয়ে আলোচনা। ভারতের কারণেই এই সিরিজে ডিআরএস ব্যবহার করা হচ্ছে না। ডিআরএস পদ্ধতি ব্যবহার বাধ্যতামূলক করেছিল আইসিসি। কিন্তু আগে থেকেই এই পদ্ধতির ব্যাপারে নিমরাজি ভারত গত ইংল্যান্ড সফরে কিছু তিক্ত অভিজ্ঞতার মুখে পড়ে। এরপর মূলত তাদের চাপেই ডিআরএস পদ্ধতি বাধ্যতামূলক ব্যবহারের নিয়মটা তুলে নেওয়া হয়। এখন কোনো সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত খেলোয়াড়েরা চ্যালেঞ্জ করতে পারবেন কি না, সেটি ঠিক করা হয় মুখোমুখি দুই দলের আলোচনার ভিত্তিতে।প্রথম দিনে কাওয়ানের সঙ্গে শতরানের জুটি গড়ে তোলা রিকি পন্টিংও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পরোক্ষে যেটা বলেছেন, ভারত স্রেফ দাদাগিরি করছে বাকি দলগুলোর ওপর, ‘শুরুতে যখন এই পদ্ধতি এল, ভেবেছিলাম সব সিরিজেই এটা বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে। কিন্তু বাস্তবতা হলো, তা হচ্ছে না। আমরা সব সিরিজেই এটা ব্যবহার করেছি, কিন্তু ভারতের বিপক্ষে এই একটা সিরিজে তা ব্যবহার করা হচ্ছে না। খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন, পুরো বিশ্বে সবাই একটা মতৈক্যে পৌঁছাক, প্রযুক্তির ব্যবহার ধারাবাহিকভাবে প্রয়োগ করা হোক।’পন্টিংয়ের বক্তব্য সমর্থন পাচ্ছে ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেলের কণ্ঠেও, ‘আম্পায়ারের ভুলের হার কমাতে ডিআরএসের ব্যবহার সর্বসম্মতভাবে সবাইকে ব্যবহার করতে হবে।’ ডিআরএস ব্যবহারে ভারতের আপত্তির মূল যুক্তি হলো, এই পদ্ধতিও শতভাগ নির্ভুল নয়। চ্যাপেল এই যুক্তি খণ্ডন করছেন, ‘সমস্যা হলো, এই প্রযুক্তি শতভাগ নিখুঁত নয়। কিন্তু পৃথিবীর কোন জিনিসটা শতভাগ নিখুঁত? কিছু ভুল হতে পারে। কিন্তু তাই বলে পুরো ব্যাপারটিই বাতিল করে দেওয়া হাস্যকর।’ ওয়েবসাইট।অস্ট্রেলীয় মিডিয়াও রীতিমতো একজোট হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তুমুল সমালোচনায় মেতেছে। কিন্তু এই চাপ, সমালোচনায় বিসিসিআই আত্মসমর্পণ করবে, সেটা ভাবাও বোধ হয় কল্পনাবিলাসিতা!