ভারতের দিন যায় আশায় আশায়
দলের বিপর্যয়ে ৭৮ রানের ইনিংস, পরে বল হাতে গুরুত্বপূর্ণ ২টি উইকেট—নয় মাস পর দলে ফিরেই উজ্জ্বল রবীন্দ্র জাদেজা। হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও। কিন্তু এতে তাঁর আফসোসই হয়েছে বেশি!আফসোস পুরো ভারতীয় দলেরই। আগের দুটি ওয়ানডের মতো এ ম্যাচেও সফরের প্রথম জয়টা হাতছানি দিচ্ছিল ভারতকে। কিন্তু চোট আর ভাগ্য বিড়ম্বনার শিকার ভারত পরাজয়ের বৃত্ত ভাঙতে পারেনি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩ উইকেটে জিতে ইংল্যান্ডই সিরিজে এগিয়ে গেছে ২-০-তে।ভাগ্য সঙ্গে থাকলে পরশু ভারত বহুকাঙ্ক্ষিত জয়ের দেখা পেতেও পারত, ভারত অধিনায়ক ধোনিরই এমন উপলব্ধি। ২৩৫ রানের দিকে ছুটে ১৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। রাতের আলোয় জাদেজা ও অশ্বিনের স্পিনও তখন ধরছিল বেশ। কিন্তু ইংলিশদের স্বস্তি হয়ে ওভালে তখনই নামে বৃষ্টি।ঘণ্টা খানেক পর শুরু হওয়া ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে নতুন লক্ষ্য নির্ধারিত হয় ৪৩ ওভারে ২১৮ রান। বোপারা-ব্রেসনান ৬০ রানের জুটি গড়ে ভারতের জয়ের আশায় পানি ঢালেন। অশ্বিন-জাদেজা এই দুজনকেও ফিরিয়ে দিলে শেষ দিকেও ম্যাচটা জমে ওঠে। কিন্তু ব্রড আর সোয়ান মিলে সাত বল বাকি থাকতেই কাজ সেরেছেন।বাকি দুটি ওয়ানডেতে হারলে পুরো সফরেই ধবলধোলাই হবে ভারত। তবে ধোনি বলছেন, ভারত আত্মসমর্পণ করবে না। ওভালের হারে ভারতের ওয়ানডে সিরিজ জয়ের আশা শেষ। সিরিজ বাঁচাতে হলেও পরের দুটি ওয়ানডেতেই জিততে হবে। ধোনি আশা ছাড়ছেন না। টেস্টে হোয়াইটওয়াশ করে ভারতের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছে ইংল্যান্ড। লর্ডস ও কার্ডিফের ওয়ানডে দুটিতে জিতলে ওয়ানডে র্যাঙ্কিংয়েও ভারতের ৪ নম্বর স্থানটি ছিনিয়ে নেবে তারা। তবে র্যাঙ্কিং নয়, ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক কুকের দৃষ্টি সিরিজ জয়ের দিকে, ‘২-০-তে এগিয়ে যেতে পেরে আমি উচ্ছ্বসিত। কিন্তু আমরা এখানে সিরিজ জিততেই এসেছি।’ কুকের এই আশা মিটে যেতে পারে আজ লর্ডসেই। ওয়েবসাইট।