ভারতের দুর্বলতা বোলিং: বেদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের বোলিংয়ের মান সাদামাটা। ফিল্ডিংও আহামরি কিছু নয়। বিশ্বকাপের ভার বইতে হবে ব্যাটসম্যানদের। ভারতীয় দল সম্পর্কে এমন মূল্যায়নই সাবেক স্পিনার বিষেন সিং বেদির।ঘনিয়ে আসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসরের লড়াই। বাকি মাত্র ২০ দিন। বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক ভারতও। মহেন্দ্র সিং ধোনিরা যখন বিশ্বকাপ শিরোপাটা ঘরে রেখে দেওয়ার স্বপ্ন দেখছেন, তখন বেদির প্রশ্ন দল নিয়েই। ‘নির্বাচকেরা অনেক বেশি স্পিনার নিয়ে ফেলেছেন। ফাস্ট বোলার নির্বাচন ভালো হয়নি। ফিল্ডিংয়ের ওপরও জোর দেননি তাঁরা। অথচ ওয়ানডে ক্রিকেটে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ’—বলেছেন বেদি।নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন বেদি, ‘এ কন্ডিশনে একজন স্পিনারই যথেষ্ট। আমি মনে করি না, পিযূষ চাওলা খেলতে পারবে। ফাস্ট বোলারদের দেখুন। এখানে চোখে পড়ার মতো কেউ নেই। ২০০৩ সালের মতো অবস্থায় নেই নেহরা। ফর্মের সঙ্গে লড়ছে জহির ও প্রাভিন। নিঃসন্দেহে ভারতের দুর্বলতা বোলিং।’তাহলে কাকে ফেবারিট হিসেবে দেখছেন বেদি? এ প্রশ্নে সাবেক এই স্পিনার এগিয়ে রাখছেন পাকিস্তান ছাড়া প্রায় সব বড় দলকেই। ‘ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এমনকি ইংল্যান্ড—শিরোপা জিততে পারে যে কেউ। শ্রীলঙ্কা বরাবরই বিশ্বকাপের বড় প্রতিপক্ষ। সব মিলিয়ে, প্রতিটি দল বেশ চাপে থাকবে’—জবাব বেদির।বেদির কথায় স্পষ্ট, ভারতীয় দল নিয়ে খুব বেশি আশাবাদী নন তিনি। তবে শচীন টেন্ডুলকারের জন্য হলেও নিজেদের উজাড় করে খেলতে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বেদি, ‘আশা করছি, টেন্ডুলকারের জন্য হলেও নিজেদের সেরাটা নিংড়ে দেবে ক্রিকেটাররা। ছেলেটি ভারতের জন্য অনেকে কিছু করেছে। বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার গৌরবটা তাঁর প্রাপ্য।’ পিটিআই।