ভারতের দুশ্চিন্তার কিছু দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদাবাদের প্রথম টেস্টে হেসেখেলে জিতে আকাশে উড়ছিল ভারতীয় দল। মনে করা হচ্ছিল, ভারতের স্পিনসহায়ক উইকেটগুলোয় মোটামুটি বিধ্বস্ত হয়েই দেশে ফিরে যাবে ইংল্যান্ড। কিন্তু মুম্বাইয়ের দ্বিতীয় টেস্টের পর আকাশে উড়তে থাকা ভারত হঠাত্ আবিষ্কার করছে যে, তাদের নিজেদেরই পায়ের নিচে একচ্ছত্র কাদা।মুম্বাইয়ে স্পিনসহায়ক উইকেট বানিয়ে ইংল্যান্ডের জন্য ফাঁদ পেতে উল্টো সেই ফাঁদে আটকা পড়েছে ধোনির দল। দুই ইংলিশ স্পিনার মন্টি পানেসার ও গ্রায়েম সোয়ানের বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়া ভারতীয় দলের এখন ‘কুল রাখি না শ্যাম রাখি’ অবস্থা। কলকাতায় অনুষ্ঠেয় তৃতীয় টেস্টের আগে পরিস্থিতি বিশ্লেষণ করে বেরিয়ে আসছে ভারতীয় দলের নানা দুর্বলতা। ভারতের বিখ্যাত ইংরেজি দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ আজ বুধবার তাদের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে জানাচ্ছে, স্পিনিং উইকেট বানিয়ে ইংল্যান্ডকে পরাস্ত করার স্বপ্নে বিভোর ভারতীয় দল ব্যাটিং-বোলিং ও অধিনায়কত্ব মিলিয়ে অজস্র সমস্যায় জর্জরিত। ইডেন টেস্টে মাঠে নামার আগে এ সমস্যাগুলো ভারতীয় দল কাটিয়ে উঠতে পারবে কি না, তা অবশ্য সময়ই বলে দেবে।উদ্বোধনী জুটিতে গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের উপস্থিতিও স্বস্তি দিচ্ছে না ভারতীয় দলকে। প্রতিপক্ষের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের সঙ্গে তুলনায় গেলে শেবাগ ও গম্ভীর এক অর্থে এই সিরিজে কিছুই দিতে পারেননি ভারতকে। শেবাগ আহমেদাবাদে দ্রুতগতির এক সেঞ্চুরি হাঁকিয়ে দর্শকদের বাহবা কুড়ালেও সেই সেঞ্চুরিতে দলের উপকৃত হওয়ার মতো তেমন কিছু ছিল না বলেই সবার অভিমত। চাপের মুখে তাঁর আউট হয়ে যাওয়া ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছে। গৌতম গম্ভীর একটি ৪৫ ও একটি ৬৫ রানের ইনিংস খেললেও তাঁর পারফরম্যান্সকে অধারাবাহিকই বলছেন বিশ্লেষকেরা। অথচ অ্যান্ড্রু স্ট্রাউসের বিদায়ের পর ভারত সফরে অ্যালিস্টার কুকের যোগ্য সঙ্গী নিয়ে সংশয় ছিল খোদ ইংলিশ শিবিরেই। কিন্তু কুকের পারফরম্যান্স সেই দুর্বলতাকে ঢেকে দিয়ে স্বস্তি মিলিয়েছে ইংল্যান্ড দলে। অথচ নামে মহাতারকা বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর নিজেদের পরিচিত ভূমিতে এমন কিছু করতে পারছেন না, যা অনূকরণীয় দৃষ্টান্ত ছড়িয়ে দিতে পারে গোটা ব্যাটিং লাইনআপেই।মিডল অর্ডারে ভারতের সবচেয়ে বড় নাম তো শচীন টেন্ডুলকার। অথচ কী দুর্ভাগ্য, ২৩ বছর ক্রিকেট খেলে এই সিরিজে এসে শচীন বড্ড বেশি বিবর্ণ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি। মুম্বাইয়ে নিজের ঘরের মাঠে জোড়া ব্যর্থতা চারদিকে তুলে দিয়েছে সমালোচনার ঝড়। বিরাট কোহলি, যাঁর মধ্যে আগামীর শচীনকে খুঁজে পান অনেকে; তাঁকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না এই সিরিজে। তরুণ চেতেশ্বর পূজারা প্রতিটি টেস্টেই নির্ভরতা জুগিয়েছেন, কিন্তু এই সিরিজে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির ব্যর্থতা বাজে প্রভাব ফেলেছে ভারতীয় ব্যাটিং লাইনআপে। ‘টাইমস অব ইন্ডিয়া’র আশঙ্কা, ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে প্রত্যাশিত ফলাফল না হলে ভারতীয় ব্যাটিং লাইনআপকে ঢেলে সাজানোর প্রক্রিয়া নির্বাচকেরা হয়তো শুরু করেই দেবেন।অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে গেছে চারদিকে। বোলারদের ব্যবহার করা নিয়েও এ মুহূর্তে ধোনি সমালোচনার তীক্ষ বাণে জর্জরিত। মুম্বাই টেস্টে টার্ন ও বাউন্সসমৃদ্ধ উইকেটে ধোনি অভিজ্ঞ স্পিনার হরভজন সিংকে ঠিকমতো ব্যবহার করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিন ইংলিশ ইনিংসে যে পরিমাণ ওভার বল করেছেন, সে তুলনায় হরভজন বোলিং করেছেন অনেক কম। অথচ মুম্বাইয়ের উইকেটে যে ধরনের টার্ন ও বাউন্স ছিল, হরভজনই ছিলেন তাঁর আদর্শ বোলিং সম্পদ। ধোনি ব্যাপারটি অনুধাবন করতে পারেননি।পার্টটাইম বোলারদের ব্যবহার করার ব্যাপারেও আশ্চর্যজনক কার্পণ্য ছিল ধোনির। যুবরাজ সিং ও বীরেন্দর শেবাগকে তিনি অব্যবহূত রেখেছিলেন, যেখানে ইংলিশ ব্যাটসম্যানরা বরাবরই স্পিনে নিজেদের দুর্বলতার প্রমাণ দিয়ে যাচ্ছিলেন।