ভারতের দুশ্চিন্তার নাম ব্যাটিং
সিরিজ জয়ের সুযোগ এসেছিল। তাও আবার যেনতেন সিরিজ নয়, ঐতিহাসিক সিরিজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কখনোই ওয়ানডে সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। সেই ইতিহাস গড়ার সুযোগ এসেছিল পোর্ট এলিজাবেথে। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে তা আর হয়ে ওঠেনি।অবশ্য ভারতের ‘ঐতিহাসিক’ সিরিজ জয়ের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। কাল রোববার সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। এই ম্যাচ যে জিতবে, সিরিজ যাবে তারই ঘরে। কিন্তু সিরিজ-নির্ধারণী এই ম্যাচে ভারতের দুশ্চিন্তার প্রতিশব্দ হয়ে আছে ব্যাটিং!পোর্ট এলিজাবেথে গতকাল অনুষ্ঠিত ম্যাচে ভারতের ব্যাটিংটাই ধরুন। বিরাট কোহলির ইনিংসটা বাদ দিলে ভারতীয় ইনিংস যেন ধু ধু বালুচর। ডাকওয়ার্থ লুইস পদ্ধতির কারণে ধোনিদের লক্ষ্য ছিল ৩২.৫ ওভারে ১৯১ রান। ভারত তুলতে সক্ষম হয় ৬ উইকেটে ১৪২ রান। এর মধ্যে অপরাজিত থেকে ৮৭ রান এনে দিয়েছেন কোহলি একাই!এদিন যেন নিজেদের হারিয়েই ফেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। দলীয় ১ রানে প্রথম উইকেটের পতন। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগেই তিনটি উইকেট নেই! এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে এসেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। কোহলির পর ভারতের সর্বোচ্চ প্রাপ্তি বলতে সুরেশ রায়নার ২০ রান। যুবরাজ সিং সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১২ রানে, আর পার্থিব প্যাটেল ১১ রানে। উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা করেন ১ রান। অধিনায়ক ধোনি ও ইউসুফ পাঠান প্রত্যেকের কপালে জুটে ২ রান।এমন হতাশাজনক ব্যাটিংয়ের পর কাল সিরিজ-নির্ধারণী ম্যাচে নামতে হচ্ছে ভারতকে। কিন্তু সিরিজ জয় নিয়ে যত না সংশয়, তার চেয়েও ভারতের বড় সংশয় রয়ে গেছে নিজেদের ব্যাটিং নিয়ে। পিটিআই।